সাত মাসেও হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায়নি সিআইডি

দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলাম হত্যাকাণ্ডের সাড়ে সাত মাস পর এসে সিআইডি বলছে, তারা হত্যাকাণ্ডের ‘ক্লু’ (সূত্র) খুঁজে পাচ্ছে না। সন্দেহের বশে তারা দুই ডাকাতকে ধরেছিল। একজনকে ছেড়ে দিয়েছে। আরেকজনের ব্যাপারে নিশ্চিত তথ্য নেই। গতকাল রোববার পর্যন্ত ইরফানুল হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি বলতে এটুকুই।
আলোকচিত্র ও শিল্পকর্ম প্রদর্শনের প্রতিষ্ঠান দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল গত ৩ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডির একটি ব্যাংক থেকে ৩ লাখ ৮ হাজার টাকার চেক ভাঙিয়ে ফেরার পথে নিখোঁজ হন। ওই দিন বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ইরফানুলের লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসকেরা বলেন, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
হত্যাকাণ্ডের এক দিন পর ৪ এপ্রিল কলাবাগান থানায় হত্যা মামলা হয়। এরপর থানা-পুলিশ, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘুরে মামলাটি সিআইডির হাতে যায়। গতকাল সিআইডির তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ ইউছুফ প্রথম আলোকে বলেন, ‘আমি অনেক চেষ্টা করেছি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। ওনার অফিসে গেছি। কোথাও কিছু পেলাম না। পরে দুজনকে গ্রেপ্তার করলাম। তাদের একজন আসলে জড়িত ছিল না। আরেকজনের ব্যাপারে নিশ্চিত না। রিমান্ডে কিছু পাইনি।’
সিআইডির এই কর্মকর্তা বলেন, দ্বিতীয় ওই ব্যক্তি সম্পর্কে তাঁর এলাকায় খোঁজখবর করা হচ্ছে। আবারও রিমান্ডে নেওয়ার পরিকল্পনা আছে। তদন্তে ডিবির সহযোগিতা নিচ্ছে সিআইডি।
সিআইডির পাশাপাশি মামলাটি ছায়া তদন্ত করছে পিবিআই। পিবিআইর উপমহাপরিদর্শক বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, তাঁরা তদন্ত চালিয়ে যাবেন। তবে গতকাল পর্যন্ত কোনো অগ্রগতি নেই।
ইরফানুলের খুনিরা ধরা না পড়ায় হতাশ তাঁর পরিবার। তাঁর স্ত্রী জোহরা বেগম প্রথম আলোকে বলেন, ‘দুই মাস ধরে পুলিশ আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। পুলিশ চাইলে সবই পারে। তারা দুর্ধর্ষ সন্ত্রাসী-জঙ্গিদের ধরছে। অথচ সাত মাস পরও ইরফানকে কে খুন করল, কেন করল, সে সম্পর্কে কিছুই জানাতে পারছে না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি।’
ইরফানুল হত্যাকাণ্ডের বর্তমান অবস্থা সম্পর্কে দৃকের পরিচালনা পর্ষদের সদস্য রেহনুমা আহমেদ বলেন, ‘পুলিশ আমাদের জানিয়েছিল, ইরফানুলের পারিবারিক কোনো শত্রু নেই, কর্মস্থলেও কোনো শত্রু ছিল না। সংঘবদ্ধ ডাকাত দলের লোকজনকে পুলিশ জেরা করছিল বলে আমরা শুনেছি। তবে ইদানীং আর কোনো খোঁজখবর পাইনি।’
এক প্রশ্নের জবাবে রেহনুমা বলেন, পুলিশ শুধু তাঁদের সঙ্গে কথা বলেছে। কিন্তু ইরফানুলের কম্পিউটার বা ড্রয়ারে কী ছিল, তার খোঁজ নেয়নি। অনেক দিন পর্যন্ত তারা অফিসে ইরফানুলের ব্যবহৃত কোনো কিছুই ধরেনি। পরে একটি কমিটি করে ইরফানের যা যা ছিল, তার তালিকা তৈরি করে। ইরফানুলের খুনিরা এখনো ধরা না পড়ায় তাঁরাও হতাশ।