সাত মাসেও হয়নি ডেসটিনির অনিয়ম নিয়ে প্রতিবেদন
সাত মাসেও ডেসটিনি গ্রুপের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখতে গঠিত বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটি পূর্ণাঙ্গ কোনো প্রতিবেদন তৈরি করতে পারেনি। প্রতিবেদন তৈরির জন্য আরও দুই মাস সময় চায় বাণিজ্য মন্ত্রণালয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করে বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন গতকাল বৃহস্পতিবার সময় চাইলে এ সময় দেওয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ডেসটিনির অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য বাণিজ্যসচিব দুই মাস সময় চেয়েছেন। তা দেওয়া হয়েছে।’ বাণিজ্যসচিব বলেন, ‘আশা করছি, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে পারব।’ যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (রেজসকো) নিবন্ধক আহমেদুর রহিমকে প্রধান করে ডেসটিনি গ্রুপের সব প্রতিষ্ঠানের বিষয়ে গত ১৩ ফেব্রুয়ারি সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বাণিজ্য মন্ত্রণালয়। এপ্রিল, মে ও জুন মাসে তিনটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে আহমেদুর রহিম কমিটি। কিন্তু কোনো প্রতিবেদনই পূর্ণাঙ্গ হয়েছে বলে মনে করে না বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক), সমবায় অধিদপ্তর—সবাই প্রতিবেদন তৈরি করেছে। দুদক মামলাও করেছে। বাণিজ্যসচিব গতকাল বললেন, ‘বিষয়টি একটু জটিল। যখন কাজ শেষ হবে, তখনই প্রতিবেদন দেব।’ তিনি আরও বলেন, ‘আমরা ৩৪টি প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। তাদের সব নিরীক্ষা প্রতিবেদন চেয়েছি। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। কিছু অনয়িম পাওয়া গেছে।’ বাণিজ্যসচিব গত ১৭ এপ্রিল অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ডেসটিনির বিষয়ে একটি কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে একটি চিঠি পাঠিয়েছিলেন অর্থ মন্ত্রণালয়ে। তাতে বলা হয়েছিল, ‘ডেসটিনি গ্রুপের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অত্যন্ত বিশদ, ব্যাপক ও বহুমাত্রিক। এ বিষয়ে নিবিড় তদন্তের কারণেই দরকার কমিশন গঠন।’আহমেদুর রহিম কমিটি যে তিনটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে তাতে বলা হয়েছে, ডেসটিনি মাল্টিপারপাস সোসাইটি লিমিটেডের আমানত গ্রহণসংক্রান্ত কার্যক্রম দেশের যেকোনো তফসিলি ব্যাংকের আমানত গ্রহণ কার্যক্রমের হুবহু। মূলধন অবক্ষয়ের শিকার হয়ে প্রতিষ্ঠানটির মূলধন শিগগিরই ঋণাত্মক হয়ে পড়বে। ফলে দায় পরিশোধে অক্ষম হয়ে প্রতিষ্ঠানটির দেউলিয়াগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কা অত্যন্ত প্রবল।