বরাদ্দ না থাকায় বরিশাল-চট্টগ্রাম মহাসড়কের ভোলা অংশের আট কিলোমিটারের পুনর্নির্মাণকাজ শুরু হওয়ার পর থেমে গেছে। নির্মাণকাজের জন্য কার্পেটিং উঠিয়ে ফেলায় এবং বালু ও পাথর ফেলে রাখায় সড়কের এ অংশ দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে স্থানীয় লোকজন ভোগান্তি পোহাচ্ছে। এ অংশের নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে গত কয়েক মাসে সড়কের দুই পাশের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. অলিউর রহমান আন্দোলনের সত্যতা নিশ্চিত করে বলেন, ঠিকাদার কাজ শুরু করে শেষ না করায় এলাকার কয়েক হাজার মানুষ ওই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। সড়ক ও জনপথ বিভাগের ভোলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের এপ্রিল মাসে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত আট কিলোমিটার পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। এ জন্য সাড়ে সাত কোটি টাকা বরাদ্দ করা হয়। ওটিবিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে মে মাসে কার্যাদেশ দেওয়া হয়। ওই বছরের নভেম্বর মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল। বরাদ্দ না থাকায় ঠিকাদার কয়েক মাস কাজ করে বন্ধ করে দেন। দরপত্রের শর্তানুযায়ী প্রথমে সড়কের কার্পেটিং উঠিয়ে বালু ও পাথর ফেলে পুনরায় কার্পেটিং ও সিলকোট করার কথা ঠিকাদারি প্রতিষ্ঠানের। একই সঙ্গে সড়কের দুই পাশ দুই ফুট করে বাড়ানোর কথাও ছিল। গত রবিবার বিকেলে সরেজমিন দেখা যায়, পুনর্নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকেরা আট কিলোমিটার সড়কের কার্পেটিং উঠিয়ে ফেলেছেন। এর মধ্যে পরানগঞ্জ থেকে ইলিশা বাজার পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় বালু ও পাথর ফেলা রাখা হয়েছে। বাকি অংশে কোনো কাজই হয়নি। এমন খারাপ অবস্থার মধ্যেই এ অংশ দিয়ে বাস, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। গাড়ি চলাচল ও জোরো বাতাস বইতে শুরু করলে সড়কে ধুলো উড়ে। বৃষ্টি হলে কাদাপানি জমে অবস্থা আরও খারাপ হয়। তখন এ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে শিক্ষার্থীরা বেশি দুর্ভোগ পোহায়। সড়কের পাশের নিজামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হক বলেন, সংস্কারের নামে বালু ও পাথর ফেলে রাখায় সড়কটি এখন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিবিএলের প্রকৌশলী কামাল মজুমদার বলেন, ‘সাড়ে সাত কোটি টাকার কাজের মধ্যে আমরা এক কোটি ২০ লাখ টাকার কাজ শেষ করে ৬৭ লাখ টাকার বিল জমা দিয়েছি। কিন্তু আমাদের মাত্র ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা না পেলে আমরা কাজ করতে পারব না। যে কাজ আমরা দুই মাসের মধ্যে শেষ করতে পারি, সে কাজ টাকার অভাবে এক বছরেও শেষ করতে পারিনি।’ সওজের ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুশীল চন্দ্র সাহা বলেন, এ পর্যন্ত ৭৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। পরে আর টাকা বরাদ্দ করা হয়নি। এ কারণে ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। বিষয়টি তিনি সওজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি মাসেই চিঠি দিয়ে জানাচ্ছেন।