সাত মুক্তিযোদ্ধাকে মুক্ত আসরের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মাননা পাওয়া বীর মুক্তিযোদ্ধারা এক ফ্রেমে। বাঁ থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক দেবু চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, মিঞা মুজিবুর রহমান, লেখক ও গবেষক মেজর কামরুল হাসান ভূঁইয়া, পদ্মা রহমান, এ জেড এম সাদেকুর রহমান খান ও তানেস উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের উত্তরীয়, ক্রেস্ট, বই, স্যুভেনির তুলে দেওয়া হয়।

একজন নারী মুক্তিযোদ্ধাসহ সাত মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন ‘মুক্ত আসর’। সংগঠনটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন লেখক ও গবেষক মেজর কামরুল হাসান ভূঁইয়া, এ জেড এম সাদেকুর রহমান খান, পদ্মা রহমান, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক দেবু চৌধুরী, আবদুল মজিদ, মিঞা মজিবুর রহমান ও তানেস উদ্দিন আহমেদ।

গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে এই সম্মাননা দেওয়া হয়। প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়ে থাকে ‘মুক্ত আসর’।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মিঞা মজিবুর রহমান বলেন, ‘নতুন প্রজন্মের অনেক ছেলেমেয়ে যেখানে নেশায় আসক্ত, সেখানে কয়েকজন স্বপ্নবাজ তরুণের গড়া মুক্ত আসরের এই সম্মাননা সত্যিই আমাদের আলোড়িত করে। মুক্ত আসরের এই উদ্যোগকে স্বাগত জানাই।’

সম্মাননা পাওয়া বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মুক্ত আসরের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাসুদুর রহমান, বীর প্রতীক, শিশুসাহিত্যিক ও শব্দসৈনিক আখতার হুসেন, মনোরোগ চিকিৎসক-লেখক মোহিত কামাল, বিদ্যা প্রকাশের স্বত্বাধিকারী মুক্তিযোদ্ধা মজিবুর রহমান খোকা।

মুক্তিযোদ্ধা পদ্মা রহমান বলেন, ‘আমি নারী হওয়ার কারণে আমাকে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আমি হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা করেছি। এই সময় অনেক মুক্তিযোদ্ধাকে দেখেছি, যাঁরা তিন-চারবার আহত হয়ে চিকিৎসা নিয়ে আবার যুদ্ধ করেছেন। আজকের এই তরুণদের দেখে আমার তাঁদের কথা মনে পড়ছে। তরুণদের এ রকম উদ্যোগ আমাদের মুক্তিযুদ্ধের গৌরবকে আরও উজ্জ্বল করে।’

৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাবসেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদিন আহমেদের মৃত্যুর সংবাদ এলে অনুষ্ঠানে তাঁর প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। জিয়াউদ্দিনের বন্ধু মেজর (অব.) কামরুল ইসলাম ভূঁইয়া তাঁকে স্মরণ করে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করছেন মুক্ত আসরের বন্ধুরা।
অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করছেন মুক্ত আসরের বন্ধুরা।

মুক্ত আসরের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের উত্তরীয়, ক্রেস্ট, বই, স্যুভেনির তুলে দেন মেজর জেনারেল (অব.) মাসুদুর রহমান বীর প্রতীক, শিশুসাহিত্যিক ও শব্দসৈনিক আখতার হুসেন, মনোরোগ চিকিৎসক ও লেখক মোহিত কামাল, বিদ্যা প্রকাশের স্বত্বাধিকারী মুক্তিযোদ্ধা মজিবুর রহমান।

‘ধনধান্য পুষ্পভরা’ গানটি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।