কিশোরগঞ্জের ছয়টি পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া সাতজন মেয়র প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচনে মোট ভোটের ন্যূনতম আট ভাগের এক ভাগও না পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জামানত হারানো মেয়র প্রার্থীরা হলেন কিশোরগঞ্জ সদরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আবুল হাসেম, করিমগঞ্জে বিএনপির আশরাফ হোসেন, ভৈরবে স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমেদ, বাজিতপুরে ইসলামিক আন্দোলন বাংলাদেশের সেলিম খান, কটিয়াদীতে জাতীয় পার্টির আলাউদ্দিন আহমেদ, হোসেনপুরে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল কাদির ও বিএনপির ‘বিদ্রোহী’ আনোয়ার আলী মৃধা।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, কিশোরগঞ্জ সদরে মোট ৪১ হাজার ৯৪০টি ভোট পড়েছে। এর মধ্যে সিপিবির আবুল হাসেম ৪৬৯ ভোট পেয়েছেন। করিমগঞ্জে মোট প্রাপ্ত ভোট ১৫ হাজার ৭৮৪, বিএনপির আশরাফ হোসেন ৪৬৩ ভোট পেয়েছেন। ভৈরবে মোট প্রাপ্ত ভোট ৫২ হাজার ৩৫২, স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমেদ ৯৯১ ভোট পেয়েছেন। বাজিতপুরে মোট প্রাপ্ত ভোট ১৮ হাজার ২০৫, ইসলামিক আন্দোলন বাংলাদেশের সেলিম খান ১৫৬ ভোট পেয়েছেন। কটিয়াদীতে মোট প্রাপ্ত ভোট ২০ হাজার ৭৬৩, জাতীয় পার্টির আলাউদ্দিন আহমেদ ২০৮ ভোট পেয়েছেন। হোসেনপুরে মোট প্রাপ্ত ভোট ১৩ হাজার ৩৩৮, এর মধ্যে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আবদুল কাদির ৩০১ ভোট ও বিএনপির ‘বিদ্রোহী’ আনোয়ার আলী মৃধা ১ হাজার ১২২ ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, কোনো প্রার্থী যদি মোট প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগেরও কম পান, তাহলে তিনি নির্বাচন কার্যালয়ে জমা দেওয়া অর্থ ফেরত পাবেন না।