সাত মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
কক্সবাজার পৌরসভা নির্বাচনে নয়জন মেয়র পদপ্রার্থীর মধ্যে সাতজন জামানত হারিয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের বিদ্রোহী রাশেদুল ইসলাম (প্রাপ্ত ভোট পাঁচ হাজার ১৫১), আবদুল খালেক (এক হাজার ৩৬৪), জাতীয় পার্টির রুহুল আমিন (৮০৬), স্বতন্ত্র পার্টির জুলফিকার আলী (২৩৩), রোকসানা পারভিন (১৪৫), রণজিৎ কুমার দে (৬১) ও জগদীশ বড়ুয়া (৩৭)।জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জামানত ফেরত পেতে হলে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়। এই হিসাবে এখানে একজন মেয়র পদপ্রার্থীকে ছয় হাজার ২২০ ভোট পেতে হবে। কিন্তু সাতজন প্রার্থী ভোট পেয়েছেন এর চেয়েও কম। এ কারণে তাঁরা জামানত হারিয়েছেন।পৌরসভায় ২১ হাজার ১৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন চারদলীয় জোট-সমর্থিত প্রার্থী ও জামায়াতের নেতা সরওয়ার কামাল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত মুজিবুর রহমান পেয়েছেন ১৮ হাজার ৮০২ ভোট।নির্বাচন কার্যালয় সূত্র জানায়, পৌরসভার ৩১টি কেন্দ্রে মোট ৬৭ হাজার ৫৭৭ ভোটের মধ্যে ৪৯ হাজার ৯৩৩ ভোট পড়েছে। এর মধ্যে বাতিল হয়েছে দুই হাজার ৩১৮ ভোট। প্রদত্ত ভোটের হার ৭৪ শতাংশ।সবচেয়ে কম ভোট পাওয়া প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়া বলেন, ‘কালো টাকার কাছে আমি হেরে গেছি। ভোটের দিন (২৭ জানুয়ারি) সকালের অবস্থা দেখে মনে হয়েছিল, আমার পরিবারের পাঁচটি ছাড়া আর কোনো ভোট পাব না। কিন্তু রাতে গণনা করে পেয়েছি ৩৭ ভোট। এতেও আমি খুশি। জামানতের টাকা ফেরত না পেলেও কোনো দুঃখ নেই।’একমাত্র নারী প্রার্থী রোকসানা পারভিন বলেন, ‘মেয়র নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী হইনি। ভোটারদের নারীর অধিকার এবং অত্যাচার-নির্যাতন থেকে রক্ষার ব্যপারে সচেতন করতে মাঠে নেমেছিলাম। তার পরও ১৪৫ ভোট কম কিসে? অনেক প্রার্থী কয়েক লাখ টাকা খরচ করেও আমার মতো ভোট পাননি।’