সাত শতাধিক জলাশয় বেদখল হওয়ার শঙ্কা
সিরাজগঞ্জ ও পাবনার চারটি উপজেলায় ছড়িয়ে থাকা সাত শতাধিক সরকারি জলাশয় বেদখল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারি এই জলাশয়গুলো বর্তমানে গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ইজারাধীন। আগামী ২১ জানুয়ারি এই ইজারার মেয়াদ শেষ হবে। অভিযোগ উঠেছে, এগুলোর দখল নিতে স্থানীয় একশ্রেণীর ভূমিদস্যু জাল কাগজ তৈরি করছে। অন্যদিকে এলাকার ভূমিহীনদের নাম দিয়ে আরেকটি শ্রেণী জলাশয়গুলো ইজারা নেওয়ার জন্য রাজনৈতিক তদবির শুরু করেছে। এসব জলাশয় রক্ষায় গতকাল মঙ্গলবার জেলার তাড়াশ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জরুরি সভা হয়।জানা গেছে, সিরাজগঞ্জ ও পাবনা জেলার তাড়াশ, রায়গঞ্জ, ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলার ৭৮১টি জলাশয়ে (৪৯১৫ দশমিক ৪৭ বিঘা) মাছ চাষের মাধ্যমে দরিদ্র ভূমিহীনদের সাবলম্বী করে পুষ্টির চাহিদা মেটানোর জন্য নিমগাছী মৎস্য চাষ প্রকল্প নামে একটি প্রকল্পের যাত্রা শুরু হয়। এ ব্যাপারে ১৯৮৬ সালে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ এবং ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন ২৫ বছর মেয়াদি চুক্তি করে। ওই বছরই্রফাউন্ডেশন ৩৫০টি পুকুরের দখল বুঝে পায়। পরে বিভিন্ন সময়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় বেদখল থাকা অনেক পুকুর উদ্ধার করা হয়। এতে ফাউন্ডেশনের দখলে থাকা পুকুরের সংখ্যা দাঁড়ায় ৬৩৬টিতে। বেদখল থাকা বাকি পুকুরগুলো নিয়ে মামলা চলছে। সম্প্রতি ফাউন্ডেশনের মৎস্য খামার পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস জানান, ওই ইজারার মেয়াদ বাড়ানো হবে না। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জলাশয়গুলোর ইজারার মেয়াদ আগামী মাসে উত্তীর্ণ হচ্ছে এবং গ্রামীণ ফাউন্ডেশনকে আর ইজারা দেওয়া হবে না—এমন প্রচার থাকায় স্থানীয় ভূমিদস্যুরা এসব জলাশয় দখলে নেওয়ার জন্য ব্রিটিশ আমলের দলিল প্রমাণে জাল স্ট্যাম্প ব্যবহার করে ভুয়া মালিকানা দাবির উদ্যোগ নিয়েছে। অন্যদিকে একটি প্রভাবশালী শ্রেণী ভূমিহীনদের নিয়ে সমিতি করে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে জলাশয়গুলো ইজারা নেওয়ার চেষ্টা করছে। এর অংশ হিসেবে গত তিন মাস ধরে নিমগাছী এলাকায় ভূমিহীনেরা একজোট হয়ে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে।স্থানীয় ভূমিহীন সমিতির বক্তব্যরায়গঞ্জ উপজেলার মৎস্যজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, ‘আমরা কোনো দলের লোক না। এসব পুকুরে মাছ চাষের জন্য গ্রামীণ মৎস ফাউন্ডেশন অনিয়মের আশ্রয় নিয়েছে। সুবিধাভোগীদের কাছ থেকে মাছ চাষের খরচ বাবদ অর্ধেক টাকা আদায় করেছে। কিন্তু মাছ বিক্রির পর তারা সঠিক হিসাব দেয়নি। এবার আমরা গ্রামীণ মৎস ফাউন্ডেশনের কাছে জলাশয়গুলো ইজারা না দিয়ে ভূমিহীনদের কাছে ইজারা দেওয়ার দাবি করছি। এই দাবিতে আমরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও দিয়েছি। এ ছাড়া রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা মিলে দুটি ভূমিহীন সমিতি গঠন করা হয়েছে।গ্রামীণ ফাউন্ডেশনকে ইজারা না দেওয়ার বিষয়ে মন্ত্রীর ঘোষণা উল্লেখ করে জিয়াউর রহমান বলেন, যদি কোনো ব্যক্তি কোনো পুকুরের মালিকানা দাবি করে কাগজপত্র তৈরি করে সেটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। কারণ এগুলো সব জমিদার আমলের সম্পত্তি। জমিদাররা চলে যাওয়ার পর সব পুকুর সরকারের খাস মালিকানায় চলে গেছে।গ্রামীণ মৎস্য ফাউন্ডেশনের বক্তব্যগ্রামীণ মৎস্য ফাউন্ডেশনের খামার ব্যবস্থাপক মো. আক্তার হামিদ বলেন, সব নিয়মনীতি মেনে ভূমিহীন সদস্যদের দিয়ে গ্রামীণ মৎস ফাউন্ডেশন এসব জলাশয়ে মাছ চাষ করে আসছে। এই মৎস্য প্রকল্পের সঙ্গে তিন হাজার এবং প্রাণিসম্পদ প্রকল্পে সাড়ে চার হাজার সুবিধাভোগী সদস্য রয়েছেন। তাঁদের ভাগ্য পরিবর্তন এই প্রকল্পের মধ্যে দিয়েই হয়েছে। আক্তার হামিদ অভিযোগ করেন, ‘গত তিন বছরে প্রকল্পের আওতাভুক্ত (তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার) ১২টি পুকুর স্থানীয় ভূমিদস্যুরা দখল করে নিয়েছে। সবকিছুই ভুয়া কাগজপত্রের মাধ্যমে করা হচ্ছে। আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে ইজারা নবায়নের জন্য দুই বছর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করি। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। এই ইজারা নবায়ন করা না হলে জলাশয়গুলো ভূমিদস্যুদের দখলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।’প্রশাসনের উদ্যোগগতকালের জরুরি সভায় সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাংসদ ইসাহাক হোসেন তালুকদার বলেন, পুকুরগুলোর ইজারার মেয়াদ আগামী ২১ জানুয়ারি শেষ হচ্ছে। এরপর এ নিয়ে সরকারি কোনো নীতিমালা কার্যকর না হওয়া পর্যন্ত কেউ এসব পুকুর অবৈধভাবে দখল করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম ও পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, ‘আমরা জানতে পেরেছি একশ্রেণীর ভূমিদস্যু এই পুকুরগুলো দখলে নেওয়ার পাঁয়তারা করছেন। সরকারি এই সম্পত্তি দখল করতে গেলে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটালে তা কঠোর হস্তে দমন করা হবে।’তাড়াশের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডি এম আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মো. ইসাহাক হোসেন তালুকদার, সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোশারফ হোসেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গাজী ম ম আমজাদ হোসেন মিলন, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম আবদুর সাত্তার, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশনের খামার ব্যবস্থাপক আকতার হামিদ প্রমুখঋ