সাত শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে বিএনপি নেতার ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার পুরাতন ঠাকুরগাঁওয়ে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে কৃষিজমিতে ইটভাটা নির্মাণ করছেন উপজেলা বিএনপির এক শীর্ষ নেতা। এটি নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে তিনি কোনো ছাড়পত্র নেননি।ইটভাটাটির নির্মাণ বন্ধ করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছিল। জেলা প্রশাসন ভাটা তৈরি না করার নির্দেশও দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে ওই নেতা ভাটা নির্মাণ করছেন বলে জানা গেছে।গত রোববার সরেজমিনে দেখা গেছে, ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের পাশের বুড়ির বাঁধ সেচ প্রকল্পের ১০ থেকে ১২ বিঘা কৃষিজমিতে এমএবি ব্রিকস-২ নামের ইটভাটাটি গড়ে তোলা হয়েছে। ওই ভাটার পূর্ব পাশে ১০০ মিটারের মধ্যে পুরাতন ঠাকুরগাঁও বালিকা উচ্চবিদ্যালয়, পুরাতন ঠাকুরগাঁও উচ্চবিদ্যালয় এবং উত্তর-পূর্ব পাশে ৩০০ মিটারের মধ্যে একটি কারিগরি কলেজ, দাখিল মাদ্রাসাসহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। ইট তৈরির জন্য ট্রাক্টরে করে মাটি এনে ভাটার মধ্যে স্তূপ করে রাখা হচ্ছে।পুরাতন ঠাকুরগাঁও বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী জানান, ২০১১ সালের মার্চে বিদ্যালয়ের পাশে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও তাঁর ভাই ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলর জাহাঙ্গীর আলম একটি এবং এস জামান লাবলু অপর একটি ইটভাটা তৈরির উদ্যোগ নেন। সে সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কায় ভাটা নির্মাণের বিরোধিতা করে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে আবেদন করে। ২০১১ সালের ১২ সেপ্টেম্বরে জেলা প্রশাসন দুই পক্ষকে নিয়ে সভার আয়োজন করে। ওই সভায় মালিকদের ইটভাটা তৈরি না করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। এর পরও আনোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলম ভাটা তৈরির কাজ চালিয়ে যান। গত মার্চে তাঁরা চিমনি তৈরির কাজ শেষ করেছেন।পুরাতন ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ এস এম আতাউর রহমান বলেন, এখন কেবল ভাটার মাটি কেটে স্তূপ করা শুরু হয়েছে। তাতেই ধুলাবালুতে বিদ্যালয় ও কলেজের শ্রেণীকক্ষ ও বারান্দা ভরে যাচ্ছে। ইট পোড়ানো শুরু হলে ক্লাস করাই কষ্টকর হয়ে পড়বে।পরিবেশ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক ওসমান গণি জানান, তিনি গত ফেব্রুয়ারি মাসে যোগদানের পর পরিবেশ অধিদপ্তর থেকে ঠাকুরগাঁওয়ে নতুন কোনো ইটভাটার ছাড়পত্র দেওয়া হয়নি।যোগাযোগের চেষ্টা করেও ভাটার মালিক আনোয়ার হোসেনকে পাওয়া যায়নি। এ বিষয়ে তাঁর ভাই জাহাঙ্গীর আলম বলেন, ‘কোথায় ইটভাটা তৈরি করব, সে বিষয়ে জেলা প্রশাসক সিদ্ধান্ত দেওয়ার কে? যখন ইট পোড়ানো শুরু করব, তখন লাইসেন্স নিলেই হলো।’জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জেলা আইনশৃঙ্খলা কমিটির মার্চ মাসের সভায় বলেন, জেলার ইটভাটাগুলো কঠোর নজরদারিতে রয়েছে। বিধি মেনেই ভাটায় ইট পোড়াতে হবে। অনুমোদন (নিবন্ধন) ছাড়া যেসব ইটভাটা আছে, পরবর্তী মৌসুমে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।