ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় সাত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে প্রশাসন। বহিষ্কার হওয়া সাত শিক্ষার্থী মুহসীন হল ছাত্রলীগের কর্মী।
গত বৃহস্পতিবার রাতে টিএসসির সড়কদ্বীপে (ডাস) অপরাধ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আল-আমিনের ওপর হামলা হয়।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, সাতজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এঁরা কেউ একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত অনুযায়ী তাঁদের শাস্তির মেয়াদ বাড়ানো বা কমানো হবে।
সাময়িকভাবে বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন ইংরেজি বিভাগের আশিকুর রহমান ও মামুন, দর্শন বিভাগের শাহীন, উর্দু বিভাগের শাকিল, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের লিটন মাহমুদ, লোক প্রশাসন বিভাগের মেহেদী হাসান এবং জাফর (তাঁর বিভাগ জানা যায়নি)। তাঁরা সবাই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আহত আল-আমিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। গাছের সঙ্গে মাথা ঠোকায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিত্সক। ঘটনার দিন রাতেই তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
গতকাল শুক্রবার বিকেলে আল-আমিনের জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন তাঁর বড় ভাই আলমগীর হোসেন।