চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রক্টর কার্যালয়। এসব অভিযোগের মধ্যে রয়েছে: শিক্ষার্থীকে মারধর, শাটল ট্রেনচালক ও পুলিশ সদস্যকে মারধরসহ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি। গত এক সপ্তাহের মধ্যে আলাদাভাবে তাঁদের এসব নোটিশ দেওয়া হয় বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহ প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে একদল শিক্ষার্থী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে সাত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রত্যেককে নোটিশ পাওয়ার পর সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তাঁদের জবাব পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আবদুল্লাহ আল মাসুদ ও আকন্দ ইউনুস আহমেদ গত ৫ আগস্ট রাতে চট্টগ্রামের বটতলী স্টেশনে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের চালককে মারধর করেন। মোহাম্মদ হোসেন ফরায়েজী বিশ্ববিদ্যালয় শাখা ডাকঘরে লাইনে দাঁড়ানো নিয়ে বিশৃঙ্খলা তৈরি করেন।লুৎফর রহমান দলবল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ঝুপড়িতে পদার্থবিদ্যা বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করেন। শফিকুল আলম সম্প্রতি বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এক সদস্যকে লাঞ্ছিত করেন। শরীফুল ইসলাম কলা অনুষদের ঝুপড়িতে এক শিক্ষার্থীকে মারধর করেন। এ ছাড়া, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রবেশ করে এক সাংবাদিককে মারধর করেন এবং ছাত্রীদের অশালীন ভাষায় গালিগালাজ করেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কর্মী রুবেল দে।