শিবিরের সাত নেতা-কর্মীর ২০ বছর করে কারাদণ্ড
বিস্ফোরক আইনের মামলায় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সাত নেতা-কর্মীকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন আহসান হাবীব, মোস্তফা কামাল, মেহেদী হাসান ওরফে তাওহীদ ইকবাল সৌরভ, রবিউল ইসলাম, মনোয়ার হোসেন, জামিরুল ইসলাম ওরফে আবদুল্লাহ ও ময়নুল ইসলাম। তাঁদের মধ্যে মেহেদী হাসান কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং অন্যরা কর্মী। আসামিদের মধ্যে আহসান হাবীব ও মোস্তফা কামাল গ্রেপ্তার আছেন। বাকি পাঁচজন পলাতক।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি ফারুক মোহাম্মদ রেয়াজুল করীম বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেক আসামিকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, কারমাইকেল কলেজের পাশে লালবাগে শিবির-নিয়ন্ত্রিত অনি-অমি আবাসিক ছাত্রাবাসে ২০১৩ সালের ১৮ মার্চ গভীর রাতে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরক দ্রব্য, পেট্রল ভর্তি সেভেন আপের বোতল ও লোহার রড উদ্ধার করে পুলিশ। পরের দিন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোখতারুল আলম বাদী হয়ে শিবিরের সাত নেতা-কর্মীর নামে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই বছরের ২৬ মে এই মামলার তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম এই সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।