সাত শিশু পাচারের চেষ্টা, উদ্ধার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরামপুর সীমান্ত দিয়ে সাত শিশুকে ভারতে পাচারকালে চার শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বাকি তিন শিশুকে এখনো পাওয়া যায়নি। সোমবার রাতে বিরামপুর পৌর শহরের হাসপাতাল মোড় থেকে শিশুগুলোকে উদ্ধার করে।উদ্ধার হওয়া এক শিশু জানায়, তারা চার বন্ধু। সে এবং আরেক শিশু ঢাকা বিমানবন্দর স্টেশনে থাকে। বাকি দুই শিশু টঙ্গীতে বস্তি এলাকায় থাকে। তারা একসঙ্গে স্টেশনে ভাঙারি (বিভিন্ন ধাতুর পরিত্যক্ত টুকরা) কুড়ানোর কাজ করে।শিশুরা জানায়, কিছু দিন আগে আইজুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে তাদের পরিচয় হয়। তিনিও তাদের সঙ্গে ভাঙারি কুড়াতেন। ঢাকায় সারা দিন ভাঙারি কুড়িয়ে বড়জোর ৫০ টাকা মেলে। কিন্তু ভারতে যেখানে-সেখানে লোহা-লক্কড় পড়ে থাকে। অনেক টাকা আয় করা যায়। এ লোভ দেখিয়ে ভারতে নিয়ে যাওয়ার কথা বলে গত বৃহস্পতিবার চার বন্ধুসহ সাত শিশুকে নিয়ে ট্রেনে রওনা হয়। পরের দিন শুক্রবার সবাই ঈশ্বরদী স্টেশনে থাকে।ঈশ্বরদী থেকে আইজুল একাধিক বাস বদল করে রোববার তাদের দিনাজপুরের হিলি স্থলবন্দরে নিয়ে আসে। হিলি সীমান্ত দিয়ে কয়েকবার তাদের ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। ভারতে যেতে না পেরে স্টেশনের কাছে একটি ভাঙারি দোকানে তারা এক দিন হিলিতে থাকে।সোমবার সকালে এক শিশু পালিয়ে যায়। বিকেলে আইজুল ইসলাম দুজনকে নিজের কাছে রেখে অপরিচিত এক ব্যক্তিকে সঙ্গে দিয়ে উদ্ধার হওয়া চার শিশুকে বাসযোগে বিরামপুর পাঠায়। বিরামপুর আসার কিছুক্ষণ পর পুলিশ তাদের থানায় নিয়ে আসে বলে শিশুরা জানায়।বিরামপুর থানা সূত্রে জানা যায়, শহরের হাসপাতাল মোড়ে অপরিচিত এক ব্যক্তি এই চার শিশুকে নিয়ে ঘোরাফেরা করলে স্থানীয় জনগণের সন্দেহ হয়। তারা থানায় খবর দিলে থানার উপপরিদর্শক (এসআই) আ. মান্নান একদল পুলিশসহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেরে পাচারকারী পালিয়ে যায়।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মণ্ডল জানান, শিশুদের ভারতে পাচার করার উদ্দেশ্যেই ঢাকা থেকে এখানে নিয়ে আসা হয়েছে। পুলিশ বাকি তিন শিশুকে উদ্ধার এবং পাচারকারীদের ধরতে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় বিরামপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহীদুল ইসলাম বাদী হয়ে সোমবার শিশু পাচার আইনে একটি মামলা করেন।পুলিশ সুপার মো. ময়নুল হোসেন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, উদ্ধার করা চার শিশুকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। সীমান্তে শিশু পাচারকারী চক্র সক্রিয় আছে। পুলিশ মূল পাচারকারী আইজুলসহ পাচারকারী চক্রকে গ্রেপ্তারে জোর চেষ্টা চালাচ্ছে।