সাত শিশুর শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরা সাতজন। কাদামাটি, কলাগাছ, বাঁশের কঞ্চি ও রঙিন কাগজ দিয়ে শহীদ মিনার তৈরি করেছে। সময় লেগেছে চার দিন। গতকাল মঙ্গলবার সেই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

ওই সাতজনের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার পূর্ব খলিশাপুর গ্রামে। কেউ পড়ে প্রথম শ্রেণিতে কেউবা অষ্টম শ্রেণিতে। ওরা জানায়, স্কুলের শিক্ষক, অভিভাবক ও বড়দের কাছ থেকে শহীদ দিবসের তাৎপর্য সম্পর্কে জেনেছে ওরা। তাই শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার বানিয়েছে।

সাত কারিগর হলো ইয়াসিন মিয়া (১৩), রিফাত হোসেন (১২), লিমন (১০), নিরব (১০), লিয়া (৯), ঋতু (৮) ও অনিক (৮)।

ওই সাতজন জানায়, গত বৃহস্পতিবার ওরা পরিকল্পনা করে। শুক্রবার সকাল থেকে শহীদ মিনার গড়ার কাজে লেগে পড়ে। মাঝের তিন দিন সকাল থেকে দুপুরে বিরতি দিতে হয়। ওই সময় স্কুলে যেতে হয় ওদের। সোমবার বিকেলেই গড়ে ওঠে শহীদ মিনার। ভোর হওয়ার সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে তারা। পরে বড়রাও ফুল দেন।

ইয়াসিন মিয়া বলে, তাদের গ্রামের বিদ্যালয়ে শহীদ মিনার নেই। ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হলে যেতে হয় তিন কিলোমিটার। তাই শহীদ মিনার তৈরি করেছে তারা। তাদের কাজ দেখে প্রথমে কেউ উৎসাহ না দিলেও পরে বাড়ির দাদি, নানি, মা, চাচি ও বড় ভাইবোনেরা সাহায্য করেছেন।

রিফাত বলে, তাদের শহীদ মিনারের আঙিনায় জুতা খুলে খালি পায়ে ঢুকতে হবে।

সরেজমিনে দেখা যায়, কলাগাছের তিনটি খণ্ড মাটিতে পুঁতে তৈরি করা হয়েছে শহীদ মিনার। প্রতিটি মিনারের ওপর অপেক্ষাকৃত ছোট কলাগাছের আরও তিনটি টুকরা তির্যকভাবে আটকে দেওয়া হয়েছে। রঙিন কাগজ ও নানা রঙের ফুল দিয়ে প্রতিটি মিনার মুড়িয়ে দেওয়া হয়েছে। চারপাশে সুতা টানিয়ে তাতে রঙিন কাগজ দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে।

ইয়াসিনের বাবা আনোয়ারুল হক বলেন, বিদ্যালয়গুলোতে একটি করে শহীদ মিনার থাকলে সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যেতেন। এতে শিশুরা দেশপ্রেমে উজ্জীবিত হতো।

গ্রামটির বাসিন্দা ও স্নাতক শ্রেণির শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, ‘এই শিশুদের দেশপ্রেম দেখে অভিভূত হয়েছি। মিনারটিতে প্রত্যেকের দেওয়া একেকটি ফুলে মিশে রয়েছে তাদের শ্রদ্ধা আর অগাধ ভালোবাসা।’