গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাত ইউনিয়নে সাতটি সেতু ও কালভার্ট নির্মাণের কাজ চলছে। চলতি মাসের মধ্যে এগুলোর নির্মাণকাজ শেষ হওয়ার কথা। তবে একটিরও কাজ শেষ হয়নি। এলাকাবাসী এগুলোর নির্মাণকাজে অনিয়মের অভিযোগও তুলেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর ধারাবাহিকতায় কালিয়াকৈরের সাতটি ইউনিয়নে ১ কোটি ৮৪ লাখ ৪২ হাজার ৪৪৭ টাকা ব্যয়ে তিনটি সেতু ও চারটি কালভার্ট নির্মাণের কাজ চলছে। এগুলো হচ্ছে মৌচাক ইউনিয়নের কলাবাঁধা-আমবাগ সড়কে নিচু জায়গায় ৪০ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা ব্যয়ে ৫০ ফুট দৈর্ঘ্যের সেতু, সূত্রাপুর ইউনিয়নের চাঁদপুর-বামনদহ রাস্তায় বিলে ৪০ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা ব্যয়ে ৫০ ফুট দৈর্ঘ্যের সেতু, শ্রীফলতলী ইউনিয়নের বহিয়াবহ পল্লীশিশু ক্লিনিক-বহিয়াবহ সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তায় খালে ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্যের সেতু এবং ফুলবাড়িয়া ইউনিয়নের গাছবাড়ি-কাঁথাচুড়া রাস্তার নিচু জায়গায় ১৯ লাখ ৭৪ হাজার ১৫৬ টাকা ব্যয়ে ২৪ ফুট দৈর্ঘ্যের কালভার্ট, চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর-বাতিনাচালা রাস্তায় মনির সিকদারের খালের পাশের নিচু জায়গায় ১৬ লাখ ৭৫ হাজার ৫৪৬ টাকা ব্যয়ে ২০ ফুট দৈর্ঘ্যের কালভার্ট, বোয়ালী ইউনিয়নের ঢোলসমুদ্র-কোকিলাচালা রাস্তার নিচু জায়গায় ১৬ লাখ ৭৫ হাজার ৫৪৬ টাকা ব্যয়ে ২০ ফুট দৈর্ঘ্যের কালভার্ট, আটাবহ ইউনিয়নের চণ্ডীতলা-মাথালিয়া রাস্তায় কামারিয়া কবরস্থানের কাছে ১৬ লাখ ৭৫ হাজার ৫৪৬ টাকা ব্যয়ে ২০ ফুট দৈর্ঘ্যের কালভার্ট। পিআইওর কার্যালয়ের তত্ত্বাবধানে চলতি মাসের এসব সেতু ও কালভার্টের নির্মাণকাজ শেষ হওয়ার কথা।
এলাকাবাসীর অভিযোগ, এসব সেতু ও কালভার্টের দুই পাশে মাটি ফেলার কথা থাকলেও তা ফেলা হচ্ছে না। প্রকল্পের নির্মাণকাজে ঠিকাদার, স্থানীয় জনপ্রতিনিধি ও পিআইও অনিয়ম করছেন। এভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা।
গত তিন দিনে সেতু ও কালভার্টগুলো ঘুরে দেখা যায়, বোয়ালীর ঢোলসমুদ্র-কোকিলাচালা রাস্তার কালভার্টের নির্মাণস্থলে কোনো শ্রমিক নেই। শুধু মাটি খনন করে ফেলে রাখা হয়েছে। কালভার্টটির ঠিকাদার রুস্তম আলী বলেন, ‘পিআইও স্যারের সঙ্গে কথা বলে কাজটি স্থানীয় একজনকে দেওয়া হয়েছে।’ ফুলবাড়িয়ার গাছবাড়ি-কাঁথাচুড়া রাস্তার কালভার্টের নির্মাণস্থলে কোনো শ্রমিককে দেখা যায়নি। কালভার্টটি ঢালাই করা হলেও দুই পাশে মাটি ফেলা হয়নি। চাপাইরের বড় গোবিন্দপুর-বাতিনাচালা রাস্তার কালভার্টের কাজ শেষ হয়েছে। তবে স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে যোগসাজশ করে সংযোগ সড়ক না করেই চলে গেছেন ঠিকাদার।তবে ইউপি সদস্য সাইদুর রহমান বলেন, ‘আমার আবেদনের কারণে কালভার্টটি হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি।’ ঠিকাদার শাজাহান মিয়া বলেন, ‘কাজে কোনো অনিয়ম হয়নি। মাটি লাগলে পরে ফেলা হবে।’
শ্রীফলতলীর বহিয়াবহ পল্লীশিশু ক্লিনিক-বহিয়াবহ প্রাথমিক বিদ্যালয় রাস্তায় খালের ওপর সেতু নির্মাণে মাত্র তিনজন নির্মাণশ্রমিক কাজ করছেন। তাঁদের মধ্যে মোতাহার মিয়া নামের একজন বলেন, লোকজন কম থাকায় কাজে গতি নেই। তিন মাস আগে মাত্র চার-পাঁচ ফুট পিলার করা হয়েছে। কাজের এমন অবস্থা থাকলেও কোনো স্থানীয় জনপ্রতিনিধি ও ইঞ্জিনিয়ার পরিদর্শনে আসেন না। একই কথা জানালেন মৌচাকের কলাবাঁধা-আমবাগ রাস্তায় সেতু নির্মাণে নিয়োজিত শ্রমিকেরাও। তাঁরা বলেন, এ প্রকল্পটি খলিল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তবে মূল ঠিকাদার নুরুল আমিন কাজ বিক্রির কথা অস্বীকার করে বলেন, খলিল কাজটি দেখাশোনা করেন। বৃষ্টির কারণে কাজ এগোচ্ছে না।
অনিয়মের অভিযোগ অস্বীকার করে পিআইও রেজা আল মামুন বলেন, কোনো সেতু ও কালভার্টের নির্মাণকাজ শেষ হয়নি। বিলও দেওয়া হয়নি। যে কালভার্টটির কাজ হচ্ছে না, তার বিষয়ে বিভাগীয় দপ্তরে জানানো হয়েছে। আর মাটি ফেলার বিষয়ে তিনি বলেন, সেতু ও কালভার্টের দুই পাশে মাটি না ফেলা পর্যন্ত ঠিকাদারের চূড়ান্ত বিল দেওয়া হবে না।