
রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে নগরের সাতটি স্থানে পুলিশের চেকপোস্ট বসানোসহ আইনশৃঙ্খলাবিষয়ক নাগরিকদের সমাবেশ হয়েছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে। রাত ১২টার পর রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।
স্থানীয় একটি হোটেলে গতকাল বুধবার দুপুর ১২টায় সাংবাদিকদের সঙ্গে পুলিশ মতবিনিময় সভা করেছে। কোতোয়ালি পুলিশের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
গত সোম ও গতকাল বুধবার প্রথম আলোয় ‘দাপিয়ে বেড়াচ্ছে ছিনতাইকারীরা’ ও ‘রংপুরে হাত বাড়ালেই মাদক’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর পুলিশের সাঁড়াশি আভিযান শুরু করা হয়েছে।
গতকাল মতবিনিময় সভায় সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ূন কবীর জানান, এরই মধ্যে শহরের সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। এই সাতটি পয়েন্ট হলো নগরের সাতমাথা, মেডিকেল পূর্বগেট, নজিরেরহাট, পার্কের মোড়, ডিসির মোড়, হাজির হাট ও সাহেব বাজার। এসব এলাকা হলো শহরের প্রবেশপথ।
মতবিনিময় সভা থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টার ব্যবধানে নগরে ১৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা মাদক, চুরি, ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত। নগরের ৩৩টি ওয়ার্ডের প্রতিটিতে পুলিশের একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে সার্বক্ষণিক পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে চারটি মোটরসাইকেলে আটজন পুলিশ নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ টহলে রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে পর্যায়ক্রমে আইনশৃঙ্খলাবিষয়ক আলোচনা ও সমাবেশ হবে বলে পুলিশ জানায়।

শুরুতেই গতকাল বুধবার বিকেলে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগ ও এলাকাবাসীর সহযোগিতায় মেডিকেল পাকার মাথা এলাকায় আইনশৃঙ্খলাবিষয়ক প্রথম সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম। এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ও রংপুর পুলিশ সুপার আবদুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এলাকাবাসীর পক্ষে গোলাম রব্বানী, রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী প্রমুখ। সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে রাত ১২টার পর পুলিশের পক্ষ থেকে নগরে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ও ফুটপাতে চায়ের দোকানগুলো রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এর ফলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসুবিধা, ঢাকা থেকে বাসযাত্রীরা বাসস্ট্যান্ডে নেমে ও রেলওয়ে স্টেশনে ট্রেন ধরতে যাত্রীরা কোনো যানবাহন-সুবিধা পাবেন না বলে অনেকে মনে করেন।
রাত ১২টার পর চলাচলে নগরিকদের দুর্ভোগ প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, জরুরি প্রয়োজনে রিকশা ও অটোরিকশায় যাঁরা চলাচল করবেন, মানবিক দিক বিবেচনা করে তা ছাড় দেওয়া হচ্ছে।