সাত স্থানে সংঘর্ষে নিহত ১, আহত ২৩০
হবিগঞ্জের বানিয়াচংয়ে বৃহস্পতিবার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, যশোর ও কুমিল্লায় গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার সংঘষের্ ১৮০ জন আহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বানিয়াচং (হবিগঞ্জ): খাসজমি দখলকে কেন্দ্র করে বানিয়াচং উপজেলার আগুয়া ও কাউরাকান্দি গ্রামের লোকজনের মধ্যে গত বৃহস্পতিবার কয়েক দফা সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হন। নিহত ব্যক্তির নাম আবুল হোসেন (২৫)। তিনি আগুয়া গ্রামের নূর মিয়ার ছেলে।কুষ্টিয়া: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার কমলাপুর, গোপালপুর ও পাহাড়পুর গ্রামে লস্কর গ্রুপের শাজাহান মেম্বর ও মণ্ডল গ্রুপের আছির উদ্দিনের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জেরে বৃহস্পতিবার রাত ও গতকাল শুক্রবার দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৬০ জন আহত হন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বারিউড়া বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সকাল আটটায় বারিউড়া গ্রামের শাহজাহান মিয়া একটি সিএনজিচালিত অটোরিকশা রাখেন। এ সময় অটোরিকশা রাখা নিয়ে বাসস্ট্যান্ডের দোকানদার রাশেদ মিয়ার সঙ্গে শাহজাহানের বচসা হয়। একপর্যায়ে রাশেদ মিয়াসহ কয়েকজন শাহজাহান মিয়াকে পিটিয়ে গুরুতর জখম করে। এ খবর ছড়িয়ে পড়ার পর শাহজাহান মিয়া ও রাশেদ মিয়ার পক্ষের লোকজন বাসস্ট্যান্ডে আসে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। উল্লাপাড়া (সিরাজগঞ্জ): উপজেলার মাটিকোড়া গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে কোরবান আলী ও আবদুল্লাহর সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন।অভয়নগর (যশোর): উপজেলার নাউলি গ্রামে ছোরা ও চাপাতি ব্যবহারকে কেন্দ্র করে বুধবার হাফিজুর মল্লিক ও উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দেবীদ্বার (কুমিল্লা): উপজেলার নোয়াবগঞ্জ (কোটনা) গ্রামে গাছের ডাল কাটা নিয়ে বিরোধের জেরে ২০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে ওই গ্রামের আউয়াল মেম্বারের বাড়ির পাশের একটি জমির ওপর একই গ্রামের বদিউল আলমের কিছু গাছের ডালা ঝুলে থাকায় তা কেটে ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।সিরাজগঞ্জ: উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার ও ধান কাটাকে কেন্দ্র করে মোজদার আলী ও হাজী মোজাফ্ফর গ্রুপের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।