সাত স্থানে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও লক্ষ্মীপুরে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। এ ছাড়া গত শনিবার জয়পুরহাট ও কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন মারা গেছেন এবং আহত হয়েছেন আটজন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী: নগরের নওদাপাড়া-বেলপুকুর বাইপাস সড়কের খড়খড়ি এলাকায় গতকাল বিকেলে পিঁয়াজভর্তি একটি ট্রাক উল্টে এক ব্যবসায়ী নিহত ও দশজন শ্রমিক আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন (৩৫)। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন গোমস্তাপুরের প্রসাদপুর এলাকার সুলতান (৪০), মনিরুল (৩১), হাকিমপুর এলাকার মোমিন (২০), বাঙ্গাবাড়ী গ্রামের তোফাজ্জেল (৪৫) ও ফিটু (৪২)। আহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত তোফাজ্জলের অবস্থা আশঙ্কাজনক।গাইবান্ধা: সাঘাটা-জুমারবাড়ী সড়কে গতকাল দুপুর একটার দিকে একটি ভটভটি উল্টে দুজন নিহত ও নয়জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার সোনাতলা উপজেলার সাতিয়ানতলা গ্রামের ফজলু মিয়া (৫০) ও তাঁর জামাতা হুকুম আলী (৩৫)। আহত ব্যক্তিদের সোনাতলা, বগুড়া মোহাম্মদ আলী ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নারায়ণগঞ্জ: গতকাল বেলা সাড়ে ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভুঁইগড় কড়ইতলা এলাকায় যাত্রীবাহী বাস ও বেবিট্যাক্সির মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই বেবিট্যাক্সির চালক নিহত হয়েছেন। আহত হন ট্যাক্সির অপর তিন যাত্রী। ফতুল্লা থানার এস আই ইয়ারদোস জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত চালক ইজ্জত আলীর (৫০) বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে। আহত ব্যক্তিরা হলেন মতিউর রহমান (৪০), আউয়াল খান (৩৫) ও জাহেদুল (৩০)। এদিকে গতকাল দুপুর আড়াইটার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় ফজিতুন্নেসা খুসবু (২) নামের এক শিশু মারা গেছে। গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরে গতকাল পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। দুপুরে মুকসুদপুর উপজেলার ভোমর গ্রামে ভ্যানে ওঠার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস রোকেয়া বেগম (৩৫) নামে এক নারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মারা যান। এ সময় আরও পাঁচজন আহত হন। একই মহাসড়কের গজারিয়া নামক স্থানে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় পথচারী আয়ুব আলী (৩৮) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।লক্ষ্মীপুর: গতকাল দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারের কাছে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কে বাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার খাজুরতলী গ্রামের মো. রুবেল (১৮) ও রামানন্দি গ্রামের মো. রাশেদ (২৫)। আহত রামানন্দি গ্রামের মো. ইসমাইলকে (২৮) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দাউদকান্দি (কুমিল্লা): গত শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার হরিপুর নামক স্থানে ঢাকাগামী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিন যাত্রী নিহত ও পাঁচজন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার রতনপুর গ্রামের আবদুল করিমের স্ত্রী আয়েশা (২৫), তাঁর মেয়ে করিমা (৩) ও তিনপাড়া গ্রামের মনিরের মেয়ে মীম (১০)। জয়পুরহাট: শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে জয়পুরহাট থেকে মঙ্গলবাড়ীগামী একটি অটোরিকশার সঙ্গে জয়পুরহাটগামী একটি মেক্সির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত ও অটোরিকশার তিন যাত্রী আহত হন। আহত ব্যক্তিরা হলেন নওগাঁর ধামুইরহাট এলাকার বাচ্চু মিয়া (৩৮), এরশাদ আলী (৩০) ও মোসলেম উদ্দিন (৪০)।