সাত হাজার একর জমিতে তামাকখেত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চলতি বছর সাত হাজার একর জমিতে তামাকখেত করা হয়েছে। দেড় দশক ধরে চকরিয়ায় তামাকের আগ্রাসন শুরু হয়। অভিযোগ উঠেছে, প্রশাসনের নজরদারি না থাকায় তামাকের এ আগ্রাসন বৃদ্ধি পাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, চকরিয়া উপজেলার কাকারা, সুরাজপুর-মানিকপুর, ফাঁসিয়াখালী, বমুবিলছড়ি, লক্ষ্যারচর, কৈয়ারবিল ও বরইতলী ইউনিয়নের সাত হাজার একর জমিতে তামাক চাষ হচ্ছে।
কাকারা ইউনিয়নের শাকের মোহামঞ্চদ চর গ্রামের কৃষক জয়নাল আবেদীন (৩৮) বলেন, তামাক চাষ-অধ্যুষিত এলাকায় কোনো জমির মালিক সবজি ও ধান চাষের জন্য জমি বর্গা দেন না। কারণ, সবজি ও ধান চাষের জন্য ৪০ শতক জমি এক বছরের জন্য বর্গা দিলে জমির মালিক পান ১২ থেকে ১৩ হাজার টাকা। আর একই জমি তামাক চাষের জন্য বর্গা দিলে পান ২৫ থেকে ৩০ হাজার টাকা।
এ জন্য জমির মালিকেরা তামাকচাষিদের জমির বর্গা দিতে পছন্দ করেন। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা (উবিনীগ) কক্সবাজারের আঞ্চলিক সমন্বয়ক রফিকুল হক বলেন, চকরিয়া উপজেলায় গত বছর প্রায় পাঁচ হাজার একর জমিতে তামাক চাষ হয়েছে। চলতি বছর আরও দুই হাজার একর বেড়ে সাত হাজার একর জমিতে তামাক চাষ হচ্ছে। কৃষকেরা তামাক চাষ পরিবেশের জন্য ক্ষতিকারক জেনেও টোব্যাকো কোম্পানিগুলোর ঋণের জালে আটকা পড়ে এ চাষে বাধ্য হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, তামাক চাষ বন্ধে প্রশাসন কৃষকদের সচেতন করতে বিভিন্ন সভা-সেমিনার করছে। তবে তিনি গত বছরের চেয়ে চলতি বছর তামাক চাষ কম হয়েছে বলে দাবি করেন।