সাত হাজার কর্মীর ঈদের আনন্দ ম্লান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় ন্যাশনাল সার্ভিস প্রকল্পে কর্মরত প্রায় সাত হাজার কর্মী (দ্বিতীয় থেকে চতুর্থ ধাপ পর্যন্ত নিয়োগ পাওয়া) চার মাস ধরে বেতন-ভাতা না পাওয়ায় মানবেতর দিন কাটাচ্ছেন। ঈদের আগে বেতন-ভাতা না পাওয়ায় তাঁদের পরিবারে ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। এ ছাড়া প্রকল্পের প্রথম ধাপে জেলায় তিন হাজার ৯৬৮ জন কর্মীর চাকরির মেয়াদ গত ১ সেপ্টেম্বর শেষ হয়ে গেলেও তাঁদের এক মাসের বেতন-ভাতা এখনো বকেয়া। পাশাপাশি এসব কর্মীর বেতন-ভাতা থেকে প্রতি মাসে দুই হাজার টাকা করে কেটে রাখা ৫০ হাজার টাকা চাকরির মেয়াদ শেষে এককালীন দেওয়ার কথা থাকলেও তা-ও তাঁরা পাননি।জেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৬ মে বরগুনায় ন্যাশনাল সার্ভিস প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পর চারটি ধাপে জেলার পাঁচ উপজেলায় ১০ হাজার ৮২ জন বেকার যুবক ও যুব মহিলাকে ন্যাশনাল সার্ভিস প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এসব কর্মী দুই বছরের অস্থায়ী ভিত্তিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ে কর্মরত আছেন। চারটি ধাপের এই নিয়োগ প্রক্রিয়া শেষ হয় ২০১১ সালের ৩০ জুন। এসব কর্মী মাসিক ছয় হাজার টাকা (এর মধ্যে দুই হাজার দেওয়া হবে চাকরির মেয়াদ শেষে) বেতনে কাজ করছেন।প্রকল্পে কর্মরত বরগুনা সদর উপজেলার বেশ কয়েকজন জানান, তাঁদের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। সংশ্লিষ্ট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করলে সেখান থেকে তাঁদের বলা হয়েছে, ঈদের আগে বেতন-ভাতার অর্থ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বরগুনা থানায় কর্মরত ন্যাশনাল সার্ভিস কর্মী আরফাতুল রিগ্যান বলেন, ‘ন্যাশনাল সার্ভিসের চাকরির মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই মাস। কিন্তু এখনো এক মাসের বেতন-ভাতা বকেয়া। তা ছাড়া এককালীন ৫০ হাজার টাকাও পাইনি।’ যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ কবির মজুমদার বলেন, ‘বেতন-ভাতার প্রস্তাবনা আমরা আগেই মন্ত্রণালয়ে পাঠিয়েছি। কিন্তু মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পাওয়া যায়নি বলে ন্যাশনাল সার্ভিস কর্মীদের বেতন-ভাতা দেওয়া যাচ্ছে না। আমরা এ জন্য জোর চেষ্টা চালাচ্ছি, যাতে তাঁরা ঈদের আগে বেতন-ভাতা হাতে পান।’