যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের জন্য সাত হাজার কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। বাছাই করা ছয়টি দেশের প্রতিষ্ঠান ওই দরপত্রে অংশ নেবে।
আজ রোববার রাজধানীর সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ভবনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন যোগাযোগমন্ত্রী। খবর বাসসের।
আজ বিকেলেই সেতু বিভাগের ওয়েবসাইটে ওই দরপত্র পাওয়া যাবে এবং এজন্য আগামীকাল জাতীয় দৈনিকগুলোতে বিজ্ঞাপন দেওয়া হবে বলে মন্ত্রী জানান। মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের অর্থায়ন না থাকলেও তাদের পরিকল্পনা ও নকশা অনুসারে স্বচ্ছতা অবলম্বন করেই নদী শাসনের কাজ করা হবে। নদী শাসনের কাজে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে সাত হাজার কোটি টাকা। ২২ সেপ্টেম্বর থেকে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের দরপত্র গ্রহণ করা হবে। বাছাই করা প্রতিষ্ঠান সম্পর্কে যোগাযোগমন্ত্রী বলেন, ‘জাপান, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, চীন ও ডেনমার্কভিত্তিক ছয়টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে।’
যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘গত ২৬ জুন যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগ পদ্মা সেতু প্রকল্পের মূল কাঠামোর চূড়ান্ত দরপত্র আহ্বান করে। সেতু নির্মাণে দুটি প্রধান কাজের একটি নদী শাসন এবং অপরটি অবকাঠামো নির্মাণ। দুটি কাজই সমান গতিতে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
দরপত্রে অংশগ্রহণকারী দেশগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে দরপত্রের সময়সীমা আরও দুই মাস বাড়ানো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এটা যেহেতু অনেক বড় একটি কাজ, তাই এই সময় বাড়ানোটা অস্বাভাবিক কিছু না। আশা করছি আর সময় বাড়ানোর প্রয়োজন পড়বে না।’
৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতুর জন্য যে প্রকল্প প্রস্তাব অনুমোদন করা হয়, সেখানে মূল সেতুর জন্য ব্যয় ধরা হয় আট হাজার ৩৬১ কোটি টাকা। এরই মধ্যে শরীয়তপুর, মাদারীপুর ও মুন্সিগঞ্জে মোট দুই হাজার ৪৫২ একর জমি অধিগ্রহণ এবং ২৬০ একর জমি হুকুমদখল করা হয়েছে। জমির দাম বাবদ ক্ষতিগ্রস্তদের দেওয়া হচ্ছে প্রায় এক হাজার ১৪ কোটি টাকা। নদী শাসন, মাওয়া ও জাজিরা অ্যাপ্রোচ রোড, সার্ভিস এরিয়া, পুনর্বাসন, সুপারভিশন কনসালট্যান্ট, কন ইয়ার্ড, টোল প্লাজা, ভূমি অধিগ্রহণসহ পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ২০ হাজার ৫০৭ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে প্রকল্পের জন্য ছয় হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রী বিআরটিসি প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বলেন, ‘বিআরটিসি এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’ সেখানে বিআরটিসির চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদ (অতিরিক্ত সচিব) উপস্থিত ছিলেন।