সাত হাজার ট্রলার বন্ধ
কক্সবাজারের ১২০ কিলোমিটার সাগর উপকূলে প্রায় সাত হাজার ট্রলারের চার দিন ধরে মাছ ধরা বন্ধ রয়েছে। সাগরের ১৪ জলদস্যু বাহিনীর তৎপরতা বন্ধ ও ১০টি ট্রলারসহ অপহূত ১৩০ জেলের মুক্তির দাবিতে কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতি ১৫ জানুয়ারি সকাল থেকে সাত দিনের এই কর্মবিরতির ঘোষণা দেয়। গতকাল বুধবার পর্যন্ত চার দিন হাজার হাজার ট্রলারের মাছ ধরা বন্ধ থাকায় কক্সবাজার শহরের হাটবাজারে মাছের সংকট দেখা দিচ্ছে। মাছ ধরা বন্ধ থাকায় সংকটে পড়েছে প্রায় ৮০ হাজার জেলে পরিবার।কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান প্রথম আলোকে বলেছেন, খুলনার সুন্দরবন, ভোলা, হাতিয়া ও কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়ার ১৪টি জলদস্যু বাহিনীর সাত শতাধিক সদস্যকে গ্রেপ্তার এবং সম্প্রতি কক্সবাজার সাগর উপকূল থেকে ১০টি ট্রলারসহ অপহূত ১৩০ জেলের মুক্তির দাবিতে এই কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। ১৫ জানুয়ারি এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো হয়। সাত দিনের মধ্যে সাগরে নৌবাহিনী ও কোস্টগার্ড বাহিনীর টহল তৎপরতা জোরদার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান।কক্সবাজার ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম জানান, মুক্তিপণের জন্যই ১৩০ জেলেকে দস্যুরা অপহরণ করে। এখন ওইসব জেলে পরিবারে হাহাকার চলছে। গতকাল বুধবার দুপুরে শহরের পাইকারি মাছ বিক্রির প্রধান কেন্দ্র নুনিয়াছটা ফিশারিঘাটে গিয়ে দেখা গেছে, হাজারের বেশি ট্রলার বাঁকখালী নদীতে নোঙর করা। এসব ট্রলারের জেলেরা অলস বসে আছেন। পুরো বাজারটি ফাঁকা দেখা গেছে। শহরের বাহারছড়া, বড়বাজার, কালুরদোকান, টেকপাড়া বাজারেরও একই অবস্থা। পুকুর ও খামারের মাছ ছাড়া সামুদ্রিক কোনো মাছ এসব বাজারে নেই।ফিশারিঘাটে এফবি ফরহাদ ট্রলারের জেলে আবদুল কাইয়ুম (৪৫) বলেন, ‘চার দিন ধরে ঘাটে বসে ট্রলার পাহাড়া দিচ্ছি। কখন মাছ ধরতে সাগরে যাব-তার নিশ্চয়তাও নেই। জলদস্যুদের তৎপরতা বন্ধ না হলে ঝুঁকি নিয়ে সাগরে মাছ ধরতে যাওয়া মোটেও ঠিক হবে না।’ সাগরে নামছে নৌজাহাজ: জলদস্যুদের তৎপরতা বন্ধ এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল বুধবার বিকেল থেকে নৌ ও কোস্টগার্ড বাহিনীর সদস্যরা টহলে নেমেছেন বলে খবর পাওয়া গেছে।নৌবাহিনী কক্সবাজার অঞ্চলের একজন কর্মকর্তা বলেন, বঙ্গোপসাগরে সম্প্রতি সংগঠিত ডাকাতির ঘটনার জায়গাগুলো শনাক্ত করা হয়েছে। জলদস্যুদের ধরতে নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের ধরতে সাগরে নামানো হয়েছে অত্যাধুনিক নৌ-জাহাজ। জাহাজটি চট্টগ্রামের পতেঙ্গা থেকে কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, উখিয়া, টেকনাফ উপকূল হয়ে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত টহলে থাকবে। এ ছাড়া সমুদ্র উপকূলে ৪০-৫০ জনের আরও একাধিক দল দস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দায়িত্বে থাকবে।জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে গত ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর দপ্তরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলকে অবগত করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সাগরে এই টহলের ব্যবস্থা নেওয়া হয়েছে।