ঘূর্ণিঝড় মহাসেনের পর টানা বর্ষণে মাদারীপুর জেলার চার উপজেলার অর্ধশত বিলের ছয় হাজার ৯৭৬ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেলেও কৃষকেরা এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি বলে দাবি করেছেন।
কৃষি কার্যালয় ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ মৌসুমে মাদারীপুর সদর, কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলার অর্ধশত বিলে ২৬ হাজার ৫৪৭ হেক্টর জমিতে পাটের আবাদ হয়।
মহাসেনের পর টানা বর্ষণে এসব উপজেলার ছয় হাজার ৫৩৩ হেক্টর জমির পাট পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায়। এ ছাড়া দুই হাজার ৪৩৩ হেক্টর জমির রোপা আউশ ধানের মধ্যে ৪৪৩ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে নষ্ট হয়েছে।
তবে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের কবির রাঢ়ী, আরব আলী ও ওসমান বেপারী জানান, চরেরকান্দি ও মধ্য রমজানপুর চরে তাঁদের কয়েক হাজার একর রোপা আউশ ধান ও পাট নষ্ট হয়েছে। সরকারি হিসাবের চেয়ে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি।
কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ক্ষতি পুষিয়ে নিতে উঁচু জমিতে রোপা আউশের বিনা-৭ জাতের ধান চাষাবাদ করলে কৃষকেরা ১১০ দিনের মধ্যেই ফসল ঘরে তুলতে পারবেন।
মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মাদ গোলাম মোস্তফা বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করেছেন। তিনি আরো বলেন, ‘রোপা আউশ যেগুলো নষ্ট হয়েছে, সেখানে উচ্চফলনশীল আমন ধানের আবাদ করার জন্য কৃষকদের পরামর্শ দিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে ধানের বীজ চেয়ে আবেদন করেছি।’