সাত হাজার হেক্টর জমির ফসল পানির নিচে
টানা কয়েক দিনের বৃষ্টিতে নড়াইলের তিন উপজেলার ৭ হাজার হেক্টর জমির ফসল, বীজতলাসহ মৌসুমি ফসল পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক শেখ আমিনুল হক বলেন, কয়েক দিনের বৃষ্টিতে নড়াইলে ৫ হাজার ৯৯৫ হেক্টর জমির আমন-আউশ, ৫৭০ হেক্টর রোপা-আমন জমির বীজতলা, ১ হাজার ২৩৫ হেক্টর জমির মৌসুমি ফসল এবং ৪৫ হেক্টর জমির পানের বরজের ক্ষতি হয়েছে। এতে জেলার ২৮ হাজার ১৪৫টি কৃষি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত শনিবার সরেজমিন জেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, সদর উপজেলার তুলারামপুর, হাতিয়ারাসহ আটটি গ্রাম, কালিয়া উপজেলার পাটেশ্বরী, রামপুরসহ চারটি গ্রাম, লোহাগড়া উপজেলার তিনটি গ্রাম, মাউলির বিলসহ ছোট-বড় অসংখ্য বিলের বেশির ভাগ ফসলি জমি, বীজতলা পানিতে তলিয়ে গেছে।
সদর উপজেলার হাতিয়ারা গ্রামের কৃষক কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘১০ হাজার টাকা দাদন নিয়ে পাঁচ বিঘা জমিতে আমন ধান লাগাইছিলাম। লাগানো ধান বৃষ্টির জলে তলায় গেছে। হাঁটুসমান জল না সরলি ধান জাগে উঠপে নানে। মহাজনের সুদ আমি কীভাবে মিটাবানি।’
শেখহাটি ইউনিয়নের তপনভাগ গ্রামের মাখন দাস বলেন, ‘বৃষ্টির জলে আমার পানের তিনটি বরজের মাটির ফিলি ধুয়ে নষ্ট হয়ে গেছে। আমার প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ সদর উপজেলার নাকশি-মাদ্রাসা গ্রামের রেজাউল মল্লিক বলেন, তাঁর তিন একর জমির ওপর চিংড়িঘের। গত সাত-আট দিন টানা বৃষ্টিতে ঘের ভেসে সব মাছ বেরিয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
কালিয়া উপজেলার পাটেশ্বরী গ্রামের মোস্তফা বিশ্বাস বলেন, বিল তলিয়ে সব শেষ হয়ে গেছে। বিলের চারপাশের ছয়টি গ্রামের প্রায় ৩ হাজার কৃষকের পথে বসার দশা।
পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, কৃষিনির্ভর মানুষের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন হলো পাটেশ্বরী বিলের জমি। সেই বিলের জমি পানির নিচে তলিয়ে গেছে। প্রায় শতাধিক সাদা এবং চিংড়ি মাছের ঘের ভেসে গেছে। কৃষক এবং মাছ ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা।
লোহাগড়া উপজেলার মিঠাপুর গ্রামের আবদুর রহমান বলেন, মিঠাপুর বিলে আশপাশের আটটি গ্রামের প্রায় আড়াই হাজার কৃষক পরিবারের জমি আছে। জমির সমস্ত ফসল পানির নিচে তলিয়ে গেছে। মরিচ, করলা, ক্ষীরা, কাঁকরোলসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।
নড়াইল কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক শেখ আমিনুল হক বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হবে। এরপর সাহায্য এলে কৃষকদের কাছে তা পৌঁছে দেওয়া হবে।