
সোনালি রঙের জুতাটির পাঁচ ইঞ্চি হিল, ওপরের অংশে পুরোটাই পাথরের জমকালো কারচুপি কাজ করা। পাথরে রঙেও রয়েছে ভিন্নতা। বাজার ঘুরে দেখা গেল, এবারের ঈদে এ জুতাটির প্রতি তরুণীদের ব্যাপক চাহিদা রয়েছে। রাজধানীর অভিজাত বিপণিবিতানগুলোতে পাকিস্তানি এ জুতাটির দাম হাঁকা হচ্ছে সাত হাজার টাকা।রাজধানীর বিপণিবিতানগুলোতে ঈদ উপলক্ষে রয়েছে বিদেশি জুতার বিপুল সমাহার। ব্যালেরিনা, এক্সক্লুসিভ পেনসিল হিল, স্লিপার, পাম্প-শু, জারা, অপেরা, মিস, পিউসোল এসব নামের জুতাগুলো এসেছে থাইল্যান্ড, চীন, দুবাই ও পাকিস্তান থেকে। তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে বাহারি রঙের ব্যালেরিনা এবং পাম্প-শু। থাইল্যান্ড থেকে আমদানি করা এ জুতার দাম পড়বে এক হাজার ২০০ থেকে দুই হাজার ২০০ টাকা পর্যন্ত। বসুন্ধরা সিটির শু-বাজারের ব্যবস্থাপক সাহাদাত জানান, অন্য জুতা এক জোড়া বিক্রি হলে এ ধরনের জুতা বিক্রি হয় পাঁচ জোড়া। কারণ, এ জুতা উৎসবের জমকালো পোশাকই নয়, যেকোনো পোশাকের সঙ্গেই পরা যায়। বয়স্ক ব্যক্তিদের পছন্দ মাঝারি হিলের জুতা।
তেজগাঁও থেকে ফারহানা ইয়াসমিন মেয়ে মাইসাকে নিয়ে বসুন্ধরা সিটিতে এসেছেন জুতা কিনতে। মা এবং মেয়ের পছন্দ একই রকম, থাইল্যান্ডের পাম্প-শু। পাম্প-শু পরতে আরাম, হাঁটতে সুবিধা, অন্য জুতার চেয়ে দাম তুলনামূলকভাবে কম, সে কারণেই এ জুতাটি তাঁদের পছন্দ বলে জানালেন।
বিদেশি জুতার পাশাপাশি দেশে তৈরি জুতার কদরও কম নয়। রাজধানীজুড়েই রয়েছে এপেক্স, বাটা, ফরচুনা, জেনিস, বে এম্পোরিয়ামসহ বিভিন্ন কোম্পানির শাখা। ঈদ উপলক্ষে নতুন ডিজাইনের জুতা-স্যান্ডেলের সমারোহ দেখা গেল এ দোকানগুলোতে। এপেক্স গ্যালারির বিক্রয়কর্মী শাকিল জানান, মেয়েদের জুতার দাম ৫৯৯ থেকে তিন হাজার ২০০ টাকা পর্যন্ত। মোহাম্মদপুর থেকে রোকসানা তাঁর দুই মেয়েকে নিয়ে এপেক্স গ্যালারিতে এসেছেন ঈদের কেনাকাটার জন্য। দুই মেয়ের পছন্দ উঁচু হিলের জুতা। অন্যদিকে মায়ের পছন্দ মাঝারি হিল। মেয়েদের জন্য এপেক্স থেকে পাঁচ হাজার ১০০ টাকায় দুই জোড়া উঁচু হিল কিনেছেন।
বাটায় এবার এক্সক্লুসিভ, কমফিট, ম্যারি ক্লিয়ার নামের ঈদের নতুন ডিজাইনের জুতার সম্ভার রয়েছে। এসব জুতা পাওয়া যাবে ৫২০ থেকে সর্বোচ্চ ছয় হাজার ৪৯০ টাকায়।
নিউ এলিফ্যান্ট রোডের বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেল, স্ট্যরিয়া, প্রিন্সেস থাই হিল, কারচুপি কাজ করা স্লিপার, ক্ল্যাপসোল, স্যনোরা হিল শু, দোসিকা, লি পপ এসব জুতা এসেছে থাইল্যান্ড থেকে। এসব জুতার দাম পড়বে ৯৫০ থেকে তিন হাজার ৫০০ টাকা। মধ্যবিত্ত ক্রেতারা তাঁদের ঈদের জুতার জন্য ভিড় জমাচ্ছেন এখানে।
গাউছিয়া মার্কেটসহ রাজধানীর ফুটপাতজুড়ে স্বল্প আয়ের মানুষের জন্য রয়েছে বিভিন্ন রকমের জুতা ও স্যান্ডেলের উন্মুক্ত পসরা। এসব জুতার দাম ১৫০ থেকে ২৫০ টাকা।