সাত হাটে পশু কেনার ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটগুলোতে পশুর সরবরাহ প্রচুর। পাশাপাশি বিক্রিও হচ্ছে ভালো। কেরানীহাট, মির্জাখীল বাংলাবাজার, সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয় মাঠসহ উপজেলার সাতটি হাটে চলছে পশু বেচাকেনা। গরুর পাশাপাশি মহিষও ভালো বিক্রি হচ্ছে বলে জানালেন বিক্রেতারা।

গতকাল বুধবার তিনটি পশুর হাট ঘুরে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে প্রচুর গরু, মহিষ ও ছাগল নিয়ে এসেছেন বিক্রেতারা। কেরানীহাটে মিয়ানমারের গরুও এনেছেন কয়েকজন বিক্রেতা। লোকজন ঘুরে ঘুরে পশু পছন্দ করছেন। দরদামে বনলেই পশু কিনে নিচ্ছেন।

সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয় মাঠে কথা হয় বিক্রেতা আলী আকবরের সঙ্গে। উপজেলার কাঞ্চনা ইউনিয়নের কাজীরপাড়া গ্রামের এই বাসিন্দা নিয়ে এসেছেন হাটের সবচেয়ে বড় গরুটিসহ পাঁচটি গরু। পড়তি বিকেলে বড় গরুটি পৌরসভা সদরের এক প্রবাসী ব্যবসায়ীর কাছে চার লাখ টাকায় বিক্রি করেছেন।

কেরানীহাটের মহিষ ব্যাপারী মোস্তাক আহমদ বলেন, তিনি উত্তরবঙ্গসহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক মহিষ কেরানীহাটে বিক্রির জন্য এনেছেন। ইতিমধ্যে অর্ধেকের কাছাকাছি বিক্রি হয়ে গেছে। শুক্রবার বিকেলের মধ্যে বাকি মহিষ বিক্রি হয়ে যাবে বলে আশা করছেন।

গতকাল মির্জাখীল বাংলাবাজারে ভাই ও ভাতিজাকে নিয়ে পশু কিনতে এসেছেন সাতকানিয়া সদরের ব্যবসায়ী মোরশেদ আলম। তিনি জানালেন, কয়েক বছর ধরে তাঁরা গরু ও মহিষ কোরবানি দিচ্ছেন। এ বছরও পছন্দ হলে একটি গরু ও একটি মহিষ কিনবেন।

কেরানীহাটের ইজারাদার ওচমান আলী বলেন, গত রোববার থেকে কোরবানির পশুর হাট জমতে শুরু করেছে। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ব্যবসায়ীরা গরু, মহিষ ও ছাগল নিয়ে আসছেন। ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্নে বেচাকেনা করতে পারেন, তার জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জাল টাকা শনাক্ত করার জন্য অস্থায়ী বুথও বসানো হয়েছে।

পশুর অভাব না থাকলেও এবার দাম গতবারের তুলনায় বেশি বলে অভিযোগ অনেক ক্রেতার। মির্জাখীল বাংলাবাজার পশুর হাট থেকে গতকাল ৯০ হাজার টাকা দিয়ে একটি গরু ও ৬৭ হাজার টাকা দিয়ে একটি মহিষ কেনেন মো. মামুনুল নামের এক ক্রেতা। তিনি বলেন, গতবারের তুলনায় পশুপ্রতি অন্তত ১০ হাজার টাকা বেশি দিতে হয়েছে। বিক্রেতারা বেশি দাম হাঁকছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুলতান মাহমুদ আকন্দ বলেন, উপজেলার পশুর হাটগুলোতে চারটি ভ্রাম্যমাণ মেডিকেল দল কাজ করছে।