সাত হাতেই থাকল পানি সরানোর কাজ

সরকারি-বেসরকারি মিলে সাত ধরনের প্রতিষ্ঠান ঢাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করে। কিন্তু এক প্রতিষ্ঠানের সঙ্গে আরেক প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার অভিযোগ পুরোনো। ফলে জলাবদ্ধতা হলে এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের ওপর দায় চাপায়। এই অবস্থা থেকে মুক্তির জন্য গত বছর একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আদিল মোহাম্মদ খান বলেন, দীর্ঘ মেয়াদে সুফল পেতে হলে পানিনিষ্কাশনের জন্য একটি মাস্টার প্ল্যান (মহাপরিকল্পনা) করতে হবে এবং সে অনুযায়ী সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একটি প্রতিষ্ঠানকে সমন্বয়ের দায়িত্ব দিতে হবে। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা এমন সংকটপূর্ণ হয়েছে যে বদনামের ভয়ে এককভাবে কেউ এর দায়িত্ব নিতে চায় না।
সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) এক আন্তবিভাগীয় সমন্বয় সভায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান সংস্থাটির পানিনিষ্কাশন নালা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডিএসসিসিকে দিতে চেয়েছিলেন। এ জন্য মন্ত্রণালয় থেকে পাওয়া বরাদ্দও তিনি ডিএসসিসি কর্তৃপক্ষকে হস্তান্তরের আগ্রহ জানান। ডিএসসিসি তাৎক্ষণিকভাবে আগ্রহ দেখালেও পরে চিঠি দিয়ে জানিয়েছে, তারা নালা পরিষ্কারের কাজ করতে পারবে না।

ঢাকা ওয়াসার তথ্য অনুযায়ী, ওয়াসা ছাড়া জলাবদ্ধতা নিরসনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ক্যান্টনমেন্ট বোর্ড ও বিভিন্ন বেসরকারি আবাসন প্রতিষ্ঠান।
জানতে চাইলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, পানিনিষ্কাশনের দায়িত্ব কয়েক হাতে আছে, তবে মন্ত্রণালয় ও সরকার মনে করে, এটি এক হাতে থাকা ভালো। বিভিন্ন কারণে এটি এখনো হচ্ছে না, তবে হবে। সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করেই পানিনিষ্কাশনের কাজ করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
সমন্বয়ের ব্যাপারে নগর গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক নজরুল ইসলাম বলেন, অধিকাংশ ক্ষেত্রেই পরিকল্পনা সমন্বিতভাবেই হয়। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কতটা সমন্বয় থাকে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি অর্থবছরে দুই সিটি করপোরেশন ৫২৯ কিলোমিটার পানিনিষ্কাশন নালা নির্মাণ ও সংস্কার করছে, রাজউক বিভিন্ন এলাকায় দুটি নতুন খাল ও একটি লেক খনন করেছেএবং তিনটি লেক সংস্কার করছে।এ ছাড়া হাতিরঝিল প্রকল্পের অংশ হিসেবে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে নতুন নালা নির্মাণ করা হচ্ছে।ঢাকার বিভিন্ন অংশে থাকা পাউবোর ৪৮টি (৫টি পরিত্যক্ত) স্লুইসগেটের মধ্যে কিছু চলমান আছে, বাকিগুলোর বার্ষিক সংস্কারকাজ চলছে। গোড়ানচটবাড়ীতে প্রতি সেকেন্ডে ২২ ঘনমিটার পানিনিষ্কাশন ক্ষমতার একটি নতুন পাম্প বসানো হয়েছে। এ ছাড়া ডিএনডি এলাকার জন্য ৫৫৮ কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু করেছে পাউবো। ক্যান্টনমেন্ট বোর্ড ও বিভিন্ন বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
জানতে চাইলে ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, ডিএসসিসির আওতায় প্রায় ৯০০ কিলোমিটার ড্রেন আছে। এগুলো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য আলাদা কোনো বিভাগ নেই। এবার রাস্তা নির্মাণের অংশ হিসেবে ১৭৯ কিলোমিটার ড্রেন সংস্কার করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএনসিসির প্রকৌশল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের নির্মিত নালার মধ্যেও ৬০-৭০ ভাগ পুরোনো নালার সংস্কার, বাকিগুলো নতুন।
খাল ও লেক-সংক্রান্ত রাজউকের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সংস্থাটির প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, রাজউক ৩০০ ফুট রাস্তার পাশে ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের দুটি খাল খনন করছে। উত্তরা তৃতীয় প্রকল্পে সাড়ে ৮ কিলোমিটার দৈর্ঘ্যের লেক তৈরি প্রায় শেষ হয়েছে। দক্ষিণ নিকুঞ্জ আবাসিক এলাকার লেক, গুলশান, বারিধারা ও বনানী এলাকার ৮ কিলোমিটার লেক এবং উত্তর দ্বিতীয় প্রকল্পের ২ কিলোমিটার লেক সংস্কার করা হচ্ছে। এ ছাড়া পূর্বাচলের ভেতর ৪৩ কিলোমিটার লেক খনন করা হবে। এ কাজ এখনো শুরু হয়নি।
পাউবোর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আইনুল হক জানিয়েছেন, স্লুইসগেটগুলো গত বছর যে অবস্থায় ছিল, এ বছরও তেমন চলমান আছে। নতুন একটি পাম্প স্টেশনও যুক্ত হয়েছে। এগুলো দিয়ে তখনই পানিনিষ্কাশন হবে, যখন খাল দিয়ে পানি আসবে। পানি না এলে এগুলো কোনো কাজে আসবে না।
নগর-পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা বলেন, রাজউক ও উত্তর সিটি করপোরেশন যেসব কাজ করেছে, তার মাধ্যমে রাজধানীর পূর্বাংশের মানুষ উপকৃত হবে। কিন্তু পশ্চিমাংশের মানুষ আগামী বর্ষাতেও ভুগবে। কারণ, বিদ্যমান পানিনিষ্কাশন ব্যবস্থা অনুযায়ী এই অংশে বৃষ্টির পানি শেষ পর্যন্ত ওয়াসার বড় নালা বা খালের মাধ্যমে নদীতে যায়। পশ্চিমাংশের ২২টি খালের মধ্যে ৬টি খাল সচল আছে, বাকিগুলো দখল ও ময়লা-আবর্জনায় ভরে গেছে। ওয়াসা এগুলো দখলমুক্ত ও পুনঃখনন না করলে আগামী বর্ষায় জলাবদ্ধতা হলে মুক্তির সম্ভাবনা নেই।