সাত 'জঙ্গির' ভাড়া বাসার মালিকের স্ত্রী-ভাই আটক
গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁও আফারখোলা পাতারটেক এলাকায় যে বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালানো হয়, সেই বাড়ির মালিকের স্ত্রী ও ভাইকে আটক করা হয়েছে। জঙ্গিদের তথ্য গোপন করে বাড়ি ভাড়া দেওয়ার অভিযোগে আজ সোমবার তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন বাড়ির মালিক সৌদিপ্রবাসী সোলায়মান সরকারের স্ত্রী সালমা বেগম (৩২) এবং ভাই ওসমান গণি সরকার (৪৮)। জিজ্ঞাসাবাদের পর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হবে। তাঁরাই বাড়িটির দেখাশোনা করতেন এবং ভাড়া দিতেন।
দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ তাঁর কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, ‘গাজীপুরের সব বাড়ি থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি। বাড়ির মালিকদের ভাড়া দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। নতুন ভাড়াটের পরিচয়পত্র ও তথ্য জেনে তাদের তথ্য আমাদের জানাতে হবে। অন্যথায় কোনো সমস্যা হলে তাদেরও আইনের আওতায় আনা হবে। নোয়াগাঁও পাতারটেকের ওই বাড়িওয়ালা ও বাড়ির লোকজন ওই জঙ্গিদের বিস্তারিত তথ্য না নিয়ে কেন তাদের বাড়ি ভাড়া দিলেন—এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ৫৪ ধারায় তাঁদের আদালতে পাঠানো হবে।’
গাজীপুরে গত শনিবার সকালে পাতারটেক এলাকার ওই বাড়িতে পুলিশ ও সোয়াত বাহিনীর সদস্যদের যৌথ অভিযানে সাত ‘জঙ্গি’ নিহত হয়। এ ব্যাপারে সন্ত্রাস দমন আইনে জয়দেবপুর থানায় মামলা হয়েছে। ওই দিন বিকেলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাতেই মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরদিন রোববার সন্ধ্যায় তাঁদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহত সবার পরিচয় পাওয়া না যাওয়ায় ডিএনএ পরীক্ষার জন্য তাঁদের নমুনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।