সাতকানিয়া জামায়াতের সেক্রেটারির গ্রেপ্তারের খবরে গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম শহরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি তালিকাভুক্ত পলাতক আসামি।
মোজাফফর আহমদকে গ্রেপ্তারের খবর সাতকানিয়ায় পৌঁছানোর পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সাতকানিয়া উপজেলার কয়েকটি সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, মোজাফফর আহমদকে গ্রেপ্তারের খবরটি প্রচার হওয়ার পরপরই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সাতকানিয়া-বাঁশখালী সড়কের কাঞ্চনা, ফুলতলা, পাক্কার দোকান ও ছনখোলা এলাকায় সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করেন। এ সময় তাঁরা সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ ১০টি যানবাহনে ভাঙচুর চালান। শিবিরের কর্মীদের হামলায় গাড়ির ছয়জন যাত্রী আহত হন। তাঁরা হলেন সেলিম উদ্দিন (১৭), আবদুল কুদ্দুস (২৫), মো. মোসলেম (৩৬), আবদুস শুক্কুর (২৫), সুকুমার দাশ (৩৩) ও মর্জিনা আক্তার (২২)। তাঁদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। খবর পেয়ে সাতকানিয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কের ওপর থেকে ব্যারিকেড সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুন-অর-রশিদ চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘জামায়াতের সেক্রেটারিকে গ্রেপ্তারের খবরে জামায়াত-শিবিরের কিছু উচ্ছৃঙ্খল কর্মী সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালিয়েছে। সেখানে পুলিশের সদস্যরা আছেন। তাঁরা ব্যারিকেড সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা করছেন।’
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঁইয়া প্রথম আলো ডটকমকে বলেন, মোজাফফর একজন তালিকাভুক্ত পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে সাতকানিয়া থানায় সহিংসতা সৃষ্টি, মারামারিসহ পাঁচটি মামলা রয়েছে। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।