সাতকানিয়ায় আ.লীগের সম্মেলনে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন নিয়ে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, হাতাহাতি ও চেয়ার ছুড়ে মারার ঘটনা ঘটেছে৷
গতকাল শুক্রবার উপজেলার সাতকানিয়া আলিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ১০টার দিকে সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে৷ এ সময় পুলিশ ও নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়৷
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, গতকাল সকাল ১০টার দিকে আলিয়া মাদ্রাসার মাঠে দীর্ঘ ১০ বছর পর সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলাকালে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ডাক্তার মিনহাজকে যথাযথ মূল্যায়ন না করায় তাঁর সমর্থকেরা স্লোগান দেন৷ এ সময় উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সমর্থকেরাও পাল্টা স্লোগান দিলে উত্তেজনা দেখা দেয়৷ একপর্যায়ে দুই পক্ষ সম্মেলন মঞ্চের সামনে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে হাতাহাতি ও চেয়ার ছোড়ে৷ পরে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়৷
মাঈনুদ্দিন হাসান বলেন, বড় সংগঠনে একটু-আধটু বিশৃঙ্খলা হতে পারে৷ এটি তেমন বড় কোনো ঘটনা নয়৷
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভুঞা প্রথম আলোকে বলেন, সম্মেলনস্থলে দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটেছে৷ পরে পুলিশ ও নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়৷
সম্মেলনের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ জেলা ও উপজেলার নেতারা৷