সাতকানিয়ায় খোলা বাজারে পেট্রল বিক্রি বন্ধ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় খোলা বাজারে পেট্রল ও অকটেন বিক্রি বন্ধ করে দিয়েছেন দোকানিরা। প্রশাসনের নির্দেশে ৮ ফেব্রুয়ারি বিকেল থেকে খোলা বাজারে এসব বিক্রি বন্ধ রেখেছেন তাঁরা।
সাতকানিয়া উপজেলা সদরের দোকানি মো. আবদুল্লাহ ও মো. শফি বলেন, উপজেলা প্রসাশন ও পুলিশ নাশকতা প্রতিরোধে সহায়তা করার জন্য আপাতত খোলা বাজারে পেট্রল ও অকটেন বিক্রি বন্ধ রাখতে বলেছে। এ কারণে তাঁরা পেট্রল ও অকটেন বিক্রি বন্ধ রেখেছেন। তবে অনেক মোটরসাইকেলচালক দোকানে এসে পেট্রল বা অকটেন না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। অনেকে বাগ্বিতণ্ডায় লিপ্ত হচ্ছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, খোলা বাজারে পেট্রল-অকটেনের সহজলভ্যতার কারণে অনেকেই নাশকতায় জড়িয়ে পড়ছে। তাই খোলা বাজোরে বিক্রি বন্ধ রাখতে দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে লাইসেন্সধারী তেল ব্যবসায়ীদের যাচাই করে পেট্রল-অকটেন বিক্রি করতে বলা হয়েছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ বলেন, নাশকতা প্রতিরোধে খোলা বাজারে পেট্রল-অকটেন বিক্রি না করার জন্য দোকানিদের সতর্ক করা হয়েছে। তার পরও কোনো দোকানিকে পেট্রল-অকটেন বিক্রি করতে দেখা গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তির ব্যবস্থা করা হবে।