সাতকানিয়ায় পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটে ২৫ অক্টোবর পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী। উপজেলা আওয়ামী লীগের নেতারা বর্ধিত সভার মাধ্যমে এবং জামায়াতের নেতারা জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে গতকাল বিকেলে এই ঘোষণা দেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মোতালেব বলেন, ‘দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা ২৫ অক্টোবর কেরানীহাট এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করব। এই কর্মসূচিতে দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আমিনুল ইসলাম উপস্থিত থাকবেন।’
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক বলেন, ‘কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করব।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ ইসহাক বলেন, ‘১৮-দলীয় জোটের সিদ্ধান্ত অনুসারে আমরা ২৫ অক্টোবর কেরানীহাটে সমাবেশ ও মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি।’
সাতকানিয়া সার্কেলের এএসপি এ কে এম এমরান ভূঞা বলেন, সমাবেশের বিষয়ে আওয়ামী লীগ থানাকে অবহিত করেছে। তবে জামায়াত বা বিএনপি কিছুই বলেনি।