সাতকানিয়ায় পুড়ে গেছে ১১টি দোকান
চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মিঠাদিঘি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে আজিজুল ইসলামের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১১টি দোকান পুড়ে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন লোকমান হাকিম, জামাল হোসেন, মিলন শীল, প্রদীপ শীল, টিটু নাথ, সুভাষ শীল, মোজাম্মেল হক, আজিজুল ইসলাম, নুরুল কবির, কার্তিক দাশ ও আবদুর রশিদ।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গভীর রাতে আগুন লাগায় ১১টি দোকানের সবকিছু পুড়ে গেছে। এতে দোকানিদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মাহবুব এলাহী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।