সাতকানিয়ায় বাস-অটো সংঘর্ষে নিহত ৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। তাঁরা অটোরিকশার চালক ও যাত্রী ছিলেন। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে পাটানীপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার ঠাকুরদীঘি এলাকার অমূল্য দাশ (৫০), আলী সিকদারপাড়ার মো. শাহরিয়ার (১৫), কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকার জসিম উদ্দিন (৩৫), বাঁশখালী উপজেলার সোনারখীল এলাকার শামশুল আলম (৬০), সাতকানিয়া উপজেলার জানারপাড়া এলাকার মো. শোয়াইব (২২) ও অটোরিকশাচালক মো. আবু ছৈয়দ (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সন্ধ্যা ছয়টার দিকে মহাসড়কের পাটানীপুল এলাকায় দোহাজারী থেকে কেরানীহাটগামী অটোরিকশার এই সংঘর্ষ হয়।
দোহাজারী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাওছার চৌধুরী প্রথম আলোকে জানান, এতে ঘটনাস্থলেই পাঁচজন ও স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বাস ও অটোরিকশাটি জব্দ করে থানায় আনা হয়েছে।