সাতকানিয়ায় বিজিবি বিএসএফ যৌথ প্রশিক্ষণ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের অধিনায়ক লুৎফুল কবীর ভূঞা বলেছেন, সীমান্ত হত্যা ও নারী-শিশু পাচার শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে বিজিবি ও বিএসএফের (বর্ডার সিকিউরিটি ফোর্স) মধ্যে যৌথ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামী দিনে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গেও এ রকম প্রশিক্ষণ বিনিময় কোর্সের আয়োজন করা হবে।
গতকাল বৃহস্পতিবার সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বিজিবি প্রশিক্ষণ কেন্দ্রে চলমান ‘সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাবিষয়ক যৌথ প্রশিক্ষণ কোর্স’ সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
কেন্দ্রের অধিনায়ক লুৎফুল কবীর বলেন, গত আগস্টে নয়াদিিল্লতে বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নিয়মিত যৌথ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। বর্তমানে ভারতের তেকানপুর বিএসএফ একাডেমিতে ১৫ জন বিজিবি কর্মকর্তা প্রশিক্ষণে রয়েছেন। আগামী মার্চে ভারতের ঝারখেগতে ২৫ বিজিবির বিভিন্ন পদের আরও সদস্য প্রশিক্ষণে অংশ নেবেন।
বিজিবি-বিএসএফ কর্মকর্তাদের মতে, এর মাধ্যমে জ্ঞান অর্জন ছাড়াও দুই বাহিনীর সদস্যদের মধ্যে সীমান্তে অপরাধ দমনে প্রায়োগিক সমস্যা মোকাবিলা ও মাঠে দায়িত্ব পালনে অর্জিত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হবে। উভয় বাহিনীর কৌশলগত দক্ষতা অর্জনের পাশাপাশি পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার হবে।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বিজিবির কর্মকর্তারা ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, শুল্ক বিভাগ ও রেডক্রসের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।