সাতকানিয়ায় যুবলীগ নেতার হাতের রগ কাটল 'শিবির'
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মো. আবু ছৈয়দ (২৯) নামে যুবলীগের স্থানীয় এক নেতার হাতের রগ কেটে দিয়েছে মুখোশধারী সন্ত্রাসীরা। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের পূর্ব মাদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ছৈয়দ কেঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক। তিনি পূর্ব মাদারবাড়ি এলাকার মৃত সুলতান আহমদের ছেলে। ছৈয়দ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দাবি, হরতালে পিকেটিংয়ে বাধা দেওয়ায় শিবিরের কর্মীরা তাঁর ওপর এ হামলা চালিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আবু ছৈয়দ জানান, রোববার রাতের খাবার খাওয়ার পর তিনি বাড়ির পাশের একটি চায়ের দোকানে গিয়ে বসে স্থানীয় লোকজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় একদল মুখোশধারী সন্ত্রাসী ঘটনাস্থলে গিয়ে তাঁর ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাঁ হাতের রগ কেটে দেয়। ছৈয়দ বলেন, রোববার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকেটিং করছিলেন শিবিরের স্থানীয় কর্মীরা। ওই পিকেটিংয়ে তিনিসহ কয়েকজন বাধা দিয়েছিলেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে শিবিরের কর্মীরা এ হামলা চালিয়েছেন বলেও দাবি করেন তিনি।
উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আসাদ অভিযোগ করেন, হরতালের সময় পিকেটিংয়ে বাধা দেওয়ার কারণেই শিবিরের কর্মীরা ছৈয়দকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছেন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপজেলা শিবিরের সভাপতি মো. ইমরানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর ব্যক্তিগত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক অজয় দাশ জানান, বাম হাতের কবজি কাটা অবস্থায় ছৈয়দকে রোববার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালে আনা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাম হাতের দুটি রগ কাটা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল সাতকানিয়া টাউন প্রাথমিক বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ করে যুবলীগ।