সাতকানিয়ায় ৫৩ পরিবার পেল বিদ্যুতের সংযোগ
সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের উত্তর ছদাহা এলাকার ৫৩ পরিবারে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। ১৩ মে বিকেলে এ বিদ্যুৎ-সংযোগ কার্যক্রম উদ্বোধন করেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
এ উপলক্ষে উত্তর ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ হাসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ নেজামুদ্দিন নদভী। প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শফির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জসীম উদ্দীন ও পল্লী বিদ্যুৎ সমিতি-১ সাতকানিয়ার কেরানীহাট কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আকমল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম নগরের টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ওসমান গণি, পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর পরিচালক মোহাম্মদ ছোবহান, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হারেজ মোহাম্মদ, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, উন্নয়নের মহাসড়কে এখন বাংলাদেশ। বর্তমান সরকার দেশের প্রতিটি এলাকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দুর্গম এলাকাতেও বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে।