সাতকানিয়ার ঢেমশা ইউপির চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮ নম্বর ঢেমশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রমজান আলী মুহামঞ্চদ সাইফুল্লাহকে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ১৩টি অভিযোগ এনে ঢেমশা ইউপির সদস্যদের যৌথ স্বাক্ষরিত একটি অভিযোগপত্র গত বছরের ১৯ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর দাখিল করা হয়।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ২ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোছামঞ্চৎ কামরুন্নাহার স্বাক্ষরিত এক পরিপত্রে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এ-সংক্রান্ত একটি পরিপত্র ডাকযোগে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলামের কার্যালয়ে এসে পৌঁছায়।
এ বিষয়ে জানতে চাইলে রমজান আলী মুহামঞ্চদ সাইফুল্লাহ বলেন, ‘অভিযোগের ব্যাপারে আমি উচ্চ আদালতে চলতি বছরের ১৬ এপ্রিল রিট করেছি। সেটি আদালতে বিচারাধীন আছে। এখন পর্যন্ত বরখাস্তের ব্যাপারে অফিশিয়ালি আমি কোনো কিছু জানি না।’
ইউএনও মো. শরীফুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোছামঞ্চৎ কামরুন্নাহার স্বাক্ষরিত চিঠির উদ্ধৃতি দিয়ে জানান, যেহেতু সরকার মনে করে যে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ নিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা সমীচীন নয়, তাই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।