সাতকানিয়া অবরুদ্ধ করে রেখেছে জামায়াত-শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা অবরুদ্ধ করে রেখেছে জামায়াত-শিবির। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ অন্যান্য সড়কে বড় বড় গাছ ফেলে যানচলাচলে বাধার সৃষ্টি করেছেন তাঁরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জামায়াত-শিবিরের কর্মীরা সাতকানিয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার গাছের গুঁড়ি ফেলে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। উপজেলার ৩০টির বেশি উপসড়কেও গাছের গুঁড়ি ফেলে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল রাত নয়টার পর থেকে ওই সড়কগুলোতে যানচলাচল বন্ধ রয়েছে।

আজ বেলা সাড়ে ১১টায় ওই এলাকা ঘুরে এসে আমাদের সাতকানিয়া প্রতিনিধি জানান, তখনো মহাসড়কের মোলভীর দোকান, আন্দারমার দরগাহ, হাশমতের দোকান, মালেক মেম্বারের ইটভাটা, মিঠাদিঘি ও লোহাগাড়ার পদুয়া পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কজুড়ে শত শত গাছের গুঁড়ি পড়ে আছে। এতে ওই সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। পুরো এলাকা জামায়াত-শিবিরের কর্মী ও সমর্থকদের নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলার বিভিন্ন উপসড়কেও একইভাবে গাছের গুঁড়ি ফেলে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এতে সাধারণ মানুষ আতঙ্কে ঘর থেকে বের হচ্ছে না। দোকানপাট, বাণিজ্যকেন্দ্র বন্ধ রয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশ নানাভাবে চেষ্টা করেও মহাসড়কের ওপর থেকে গাছগুলো সরাতে পারছে না। কারণ একদিক থেকে গাছ সরিয়ে ফেললে অন্যদিক থেকে লোকজন এসে আবার গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করছে। এতে যানচলাচল স্বাভাবিক করতে পুলিশের বেগ পেতে হচ্ছে।