সাতকানিয়া অভিমুখে লং মার্চের ডাক মহিউদ্দিনের
সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে জামায়াত-শিবির অধ্যুষিত উপজেলা সাতকানিয়া অভিমুখে আগামী ৩০ জানুয়ারি লংমার্চের ডাক দিয়েছেন সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল সোমবার বিকেলে লালদীঘি মাঠে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সমন্বয়’ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।
মহিউদ্দিন চৌধুরী নবগঠিত এই পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বলেন, সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ করার লক্ষ্যে ৩০ জানুয়ারি সাতকানিয়া অভিমুখে লংমার্চ হবে। তিনি বলেন, ‘ওই দিন সকাল ১০টায় নগরের লালদীঘি মাঠ থেকে ১০০ বাস-ট্রাক নিয়ে লংমার্চের যাত্রা শুরু হবে। বিকেল তিনটায় সাতকানিয়ায় সমবেত হব। আপনারা খালি হাতে আসবেন, লাঠিসোটা লাগবে না।’
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘সাতকানিয়ায় জামায়াত মার্কা একজনকে দিয়েছি। কী নাম যেন? ও নদভী (সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী)। সে নিজেই বলেছে মিনি পাকিস্তান ছিল সাতকানিয়া। স্বাধীন হয়েছে।’
সাতকানিয়ায় সহিংসতার প্রতি ইঙ্গিত করে নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন বলেন, ‘গাছ কাটবে, আগুন দেবে, নারী নির্যাতন করবে—এটা অসভ্য সমাজের লক্ষণ। এসব নির্যাতনকারী যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করব।’
মহিউদ্দিন বলেন, ‘কিছু লোক ধর্মের নামে বাইরে থেকে টাকা এনে কৌশল শুরু করেছে। আমরা ’৭১ সালে ঐক্যবদ্ধ ছিলাম। ঐক্য ধ্বংসের জন্য ইহুদিবাদীরা বাংলাদেশে ছলেবলে কৌশলে পাঁয়তারা করছে।’
পরিষদের আহ্বায়ক ও নগর আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল আলম দোভাষের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন এবং উপ-দপ্তর সম্পাদক ও পরিষদের সদস্যসচিব জহরলাল হাজারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ইন্দু নন্দন দত্ত, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি দেবাশীষ পালিত। সমাবেশের পক্ষ থেকে ছয় দফা প্রস্তাব পাঠ করেন অ্যাডভোকেট রনি কুমার দে। প্রস্তাবের মধ্যে রয়েছে সব সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, বিশেষ ট্রাইব্যুনালে জড়িতদের বিচার, ক্ষতিগ্রস্ত মন্দির-বাড়ি পুনর্নির্মাণ ও ব্যবসায়ীদের পুনর্বাসন, সহিংসতার এলাকায় নিরাপত্তা ও ‘সংখ্যালঘু’ শব্দটি ব্যবহার না করা।