সাতকানিয়া ও চন্দনাইশ পৌরসভার বাজেট ঘোষণা
চট্টগ্রামের দুই পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাতকানিয়া পৌরসভার জন্য ৫১ কোটি ৮৮ লাখ ৩৭ হাজার টাকা ও পটিয়া পৌরসভার জন্য ৫৫ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় সাতকানিয়া উপজেলা কৃষি কার্যালয়ের সম্মেলনকক্ষে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে ৩৮ কোটি ৭ লাখ ৬ হাজার ৮৩৪ টাকা আয় ও ৩৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় ধরা হয়। রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ২৪৬ টাকা ও রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকা। সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে অবকাঠামোগত উন্নয়নে ৩৬ কোটি ৭৫ লাখ টাকা। বিবিধ প্রকল্প খাত থেকে সর্বোচ্চ আয় ধরা হয়েছে ২৫ কোটি ২ লাখ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র মোহাম্মদ জোবায়ের। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এদিকে গত সোমবার সন্ধ্যায় চন্দনাইশ পৌরসভা মিলনায়তনে মেয়র মাহবুবুল আলম বাজেট ঘোষণা করেন। তার আগে তিনি পৌরসভার নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন। বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৮২ লাখ ৬৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৫৩ কোটি ১০ লাখ ৫ হাজার ৩০০ টাকা। উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে অডিটরিয়াম ও কমিউনিটি সেন্টার নির্মাণের জন্য ৭ কোটি, রাস্তাঘাট নির্মাণ ও মেরামত বাবদ ১১ কোটি ও পানির লাইন স্থাপন বাবদ ১৫ কোটি টাকা। বাজেট ঘোষণার সময় মেয়র পৌরকর কমানোর আশ্বাস দেন।