কক্সবাজারের চকরিয়া পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে গত শনিবার দিবাগত রাতে অপহৃত এক শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া শিশু শিহাব উদ্দিন (১০) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের উত্তর কালিয়াইশ গ্রামের মো. আলীর ছেলে।
গ্রেপ্তার মো. ইলিয়াছ মিয়ানমারের নাগরিক। তাঁর বাড়ি মিয়ানমারের মংডু জেলার দরগাপাড়া গ্রামে। তাঁর বিরুদ্ধে গতকাল রোববার সাতকানিয়া থানায় অপহরণ ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুটি মামলা করা হয়েছে।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক প্রথম আলোকে বলেন, মো. ইলিয়াছ শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ১০ বছরের শিশু শিহাব উদ্দিনকে নিয়ে চকরিয়া পৌর শহরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, তিনি শিশুটিকে অপহরণ করে নিয়ে যাচ্ছিলেন। পরে গতকাল রোববার সকালে শিশুটিসহ ওই ব্যক্তিকে সাতকানিয়া থানায় সোপর্দ করা হয়।
অপহরণের শিকার শিশুর বাবা মো. আলী বলেন, মিয়ানমারের নাগরিক পরিচয় গোপন রেখে মো. ইলিয়াছ তাঁর বাড়িতে আট হাজার টাকা বেতনে খেতখামার দেখাশোনার চাকরি নেন। তাঁকে তিন হাজার টাকা অগ্রিম দেওয়া হয়। ১১ মার্চ তাঁর চাকরির ২৭ দিন পূর্ণ হয়। কিন্তু তিনি এক মাসের বেতন চাইলে তাঁকে জানানো হয়, এক মাস পূর্ণ হলে বেতন দেওয়া হবে। এতে ইলিয়াছ ক্ষিপ্ত হন। পরে ১১ মার্চ দুপুরে স্যান্ডেল কিনে দেওয়ার কথা বলে শিহাবকে অপহরণ করে নিয়ে যান ইলিয়াছ। পরে মুঠোফোনে ইলিয়াছ জানান, বেতনের টাকা না দেওয়ায় তিনি শিহাবকে অপহরণ করেছেন।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রিয়লাল ঘোষ বলেন, ১১ মার্চ অপহরণের পর শিশুটিকে বান্দরবানের লামা উপজেলা সদরে নিয়ে যান ইলিয়াছ। ওই দিন সন্ধ্যার পর টেকনাফ নেওয়ার পথে চকরিয়া থানার পুলিশ শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে।