সাতকানিয়া মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের সমাবেশ
চট্টগ্রামের সাতকানিয়া ও দোহাজারী পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত হয় ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর। দিবস পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে সাতকানিয়ায় শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সাতকানিয়া উপজেলা ইউনিট কমান্ড এ শোভাযাত্রার আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রাটি কয়েকটি সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। পরে শহীদ মিনারের সামনে সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সাতকানিয়া উপজেলা ইউনিট কমান্ডার আবু তাহের।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন। বক্তব্য দেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা মিলন কুমার ভট্টাচার্য, ইউসুফ বাঙ্গালি, অরুন মজুমদার প্রমুখ।