সাতকানিয়া লংমার্চে শান্তির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ দানবের কাজ। আপনারা এ কাজ করবেন না। এসব বন্ধ না হলে চট্টগ্রামবাসী হিসেবে আমরা নীরব থাকতে পারি না। আমরা শান্তি চাই। শান্তির বাণী নিয়ে আমরা সাতকানিয়া এসেছি।’
এ রকমই নানা শান্তির বার্তা আর আহ্বানের মধ্য দিয়ে গতকাল শনিবার চট্টগ্রাম নগর থেকে সাতকানিয়া অভিমুখে এক লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ২৮ ফেব্রুয়ারির পর সাতকানিয়া ও লোহাগাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর শুরু হওয়া হামলা ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের অব্যাহত সন্ত্রাসের প্রতিবাদে সাম্প্রদায়িক সম্প্রীতি সমন্বয় পরিষদের ব্যানারে এটি অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও মুক্তিযোদ্ধারা অংশ নেন।
লংমার্চে নেতৃত্ব দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বেলা ১১টার দিকে নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ এলাকা থেকে শতাধিক গাড়ি বহর নিয়ে লংমার্চ যাত্রা শুরু করে। পথে পটিয়া ও দোহাজারীতে পথসভা করে। লংমার্চ শেষে বিকেলে সাতকানিয়ার কেরানীহাটে জনসভা অনুষ্ঠিত হয়।
লংমার্চ শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের মানুষ শান্তিপ্রিয়। সাতকানিয়া, লোহাগাড়ায় বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে। এতে আমাদের লজ্জা লাগে। আমাদের মাথা হেঁট হয়ে যায়।’
পরে জনসভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘কারও বাড়ি পুড়িয়ে দেওয়া পাপ। সাতকানিয়ার কিছু লোক পাপ করেছে। তারা অপরাধের সঙ্গেও জড়িয়ে পড়েছে। তাদের বয়কট করতে হবে। পাপীদের আইনি সহায়তা দেওয়া যাবে না।’ জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ইঙ্গিত করে তিনি বলেন, ‘সাতকানিয়াবাসীর বেশির ভাগই ব্যবসায়ী। তাঁরা সারা বিশ্বে ব্যবসা-বাণিজ্য করে সুনাম অর্জন করেছেন। আপনারাও ব্যবসা করেন, লেখাপড়া করেন। কিন্তু নারী নির্যাতন ও অগ্নিসংযোগ থেকে বিরত থাকুন।’ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহম্মদ বলেন, ‘সাঈদীর মৃত্যুদণ্ড ঘোষণার পর থেকে সাতকানিয়া-লোহাগাড়ায় যারা খুন, অগ্নিসংযোগ, ভাঙচুর করেছে তাদের শেষবারের মতো বলতে চাই, এটা সম্প্রীতির দেশ। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই একসঙ্গে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে। জামায়াত-শিবির আবার সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে।’
মোছলেম উদ্দিন আরও বলেন, ‘আমরা সম্প্রীতি চাই। আওয়ামী লীগ কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন প্রণয়ন করেনি। আপনারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছেন। আর একটিও হত্যাকাণ্ড ঘটানো হলে কিংবা সংখ্যালঘুদের ওপর কোনো আঁচড় পড়লে সাতক্ষীরার মতো এখানেও যৌথ বাহিনীর চিরুনি অভিযান শুরু করা হবে।’
জনসভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম চৌধুরী। এতে বক্তৃতা করেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (যথাক্রমে) আ জ ম নাছিরউদ্দিন ও মফিজুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাঈনউদ্দিন হাসান চৌধুরী প্রমুখ। জনসভা শেষে লংমার্চে অংশগ্রহণকারীরা চট্টগ্রাম নগরে ফিরে যান।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে সাতকানিয়া-লোহাগড়ায় তাণ্ডব শুরু হয়। ওই সময় থেকে এখন পর্যন্ত কেবল সাতকানিয়ায় খুন হয়েছে নয়জন। সর্বশেষ গত ৩১ জানুয়ারি হামলার শিকার হন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী।