সাতকানিয়া সদর এলাকা ২৮ ঘণ্টা বিদ্যুৎবিহীন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সদরের দেওয়ানহাট ও এর আশপাশের অন্তত ১৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে গত মঙ্গলবার সকাল থেকে টানা ২৮ ঘণ্টা বিদ্যুৎ ছিল না।
সাতকানিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, উপজেলার দেওয়ানহাট এলাকার ট্রান্সফরমারটি বিকল হওয়ার কারণে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দেওয়ানহাটসহ আশপাশের এলাকায় বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যায়। ২৮ ঘণ্টা পর নতুন একটি ট্রান্সফরমার সংযোজন করার পর কাল বুধবার বেলা তিনটার দিকে বিদ্যুৎ সরবরাহ আবার শুরু হয়।
সাতকানিয়া সদরের কাপড়ের ব্যবসায়ী মোরশেদ আলম বলেন, দ্রুত নতুন একটি ট্রান্সফরমার বসানোর জন্য বাজারের ব্যবসায়ীরা ২০ হাজার টাকা চাঁদা তোলেন। এই টাকা বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের কাছে তুলে দেওয়া হয়।
সাতকানিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী মো. গোলাম সারোয়ার বলেন, ট্রান্সফরমার বিকল হওয়ার কারণে ব্যবসায়ীসহ বাসাবাড়ির লোকজনকে ভোগান্তি পোহাতে হয়েছে। তাই দ্রুত সচল ট্রান্সফরমার সংগ্রহ ও সংযোজন করতে গিয়ে কিছু টাকা খরচ হয়েছে। ওই টাকা ব্যবসায়ীরা নিজ উদ্যোগে সংগ্রহ করেছেন।