সাতকানিয়া সার্কেলের এএসপি সিদ্দিকী বদলি
চট্টগ্রাম জেলার সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রুহুল আমিন সিদ্দিকীকে বদলি করা হয়েছে। ২০ মার্চ পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বদলির এই আদেশে সই করেন। পুলিশ সূত্র জানায়, ওই আদেশে জনস্বার্থে রুহুল আমিন সিদ্দিকীকে বদলির কথা বলা হয়েছে। তবে স্থানীয় রাজনীতিবিদ ও লোকজনের ধারণা, সাতকানিয়ায় জামায়াত-শিবিরের তাণ্ডব মোকাবিলায় পুলিশের ব্যর্থতার কারণে রুহুল আমিন সিদ্দিকীকে বদলি করা হয়েছে। বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা পাঁচ-ছয় দিনের তাণ্ডব মোকাবিলায় স্থানীয় পুলিশ ব্যর্থতার পরিচয় দেয়। আর এই তাণ্ডবের বিষয়টি আঁচ করতে ব্যর্থ হন এএসপি রুহুল আমিন সিদ্দিকী। পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) এ কে এম এমরান ভূঁইয়াকে সাতকানিয়া সার্কেলের নতুন সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে নতুন কর্মকর্তা যোগ না দেওয়ায় রুহুল আমিন সিদ্দিকী এখনো দায়িত্ব পালন করে যাচ্ছেন। জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, পুলিশ সদর দপ্তর থেকে রুহুল আমিন সিদ্দিকীর বদলির আদেশ আসে। নতুন কর্মকর্তা যোগদান না করা পর্যন্ত তিনি সাতকানিয়া সার্কেলে দায়িত্ব পালন করে যাবেন।