সাতকানিয়াবাসীর জন্য মেজবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লংমার্চের পর এবার সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের জন্য মেজবান ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম নগরের জিমন্যাসিয়াম প্রাঙ্গণে এই মেজবান অনুষ্ঠিত হবে। এতে সংগীত পরিবেশন করবেন সাংসদ মমতাজ।
গতকাল মঙ্গলবার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
গত ৮ জানুয়ারি মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ সাতকানিয়া অভিমুখে লংমার্চ করে।
গতকাল মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘সাতকানিয়া, লোহাগাড়ার মানুষের সঙ্গে একটা দিন আমরা অন্যভাবে কাটাতে চাই। এ জন্য আমাদের এমপি মমতাজকে গান শোনানোর জন্য আনার উদ্যোগ নিয়েছি। মেজবানের আয়োজনও করছি। সেখানে খাওয়াদাওয়া হবে।’
সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘আমরা সাতকানিয়ার মানুষকে আস্থায় নিতে চাই। তাদের উদ্বুদ্ধ করতে চাই। সহিংসতাকে যেন সবাই রুখে দাঁড়ায়। গত বছরের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর থেকে জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় সহিংস তাণ্ডব শুরু করে জামায়াত। গত নির্বাচন-পূর্বাপর এ সহিংসতা আরও বৃদ্ধি পায়।
সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।