চরতি, ডেমশা ও সোনাকানিয়া ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
সাতকানিয়ার তিন ইউনিয়নে বিদ্যুৎ নেই ১১ দিন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তিন ইউনিয়নে ১১ দিন ধরে বিদ্যুৎ নেই। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
বিদ্যুতের গ্রাহকেরা জানান, সাতকানিয়ার চরতি, ডেমশা ও সোনাকানিয়া ইউনিয়নে ১১ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। এতে ফ্রিজে রাখা বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। ঠিকমতো লেখাপড়া করতে পারছে না শিক্ষার্থীরা।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যায় সাবস্টেশনে পানি প্রবেশ করার কারণে এবং কিছু কিছু এলাকায় বিদ্যুতের খুঁটি হেলে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ডেমশা ইউনিয়নের মরিচ্চাপাড়া গ্রামের গৃহবধূ আমেনা বেগম বলেন, ১১ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ছেলেমেয়েরা ঠিকমতো পড়ালেখা করতে পারছে না। অথচ কয়েক দিন পর ছেলেমেয়েদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। এ ছাড়া বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা সব মাছ-মাংস নষ্ট হয়ে গেছে।
চরতি ইউনিয়নের তালগাঁও এলাকার দোকানি আবদুল কাদের জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা সব আইসক্রিম নষ্ট হয়ে গেছে। এতে তাঁর ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সাতকানিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবুল বশর বলেন, খুঁটি প্রতিস্থাপন করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে।