সাতকানিয়ার মামলায় অভিযোগ গঠন ৬ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ও বিদ্যালয়ে (আরটিসিএস) বিডিআর বিদ্রোহের ঘটনায় করা মামলায় আগামী বছরের (২০১১) ৬ মার্চ অভিযোগ গঠন করা হবে। আরটিসিএসে স্থাপিত বিশেষ আদালত-৪-এ বিচার কার্যক্রমের দিনে গতকাল বৃহস্পতিবার ওই তারিখ ধার্য করা হয়। গতকাল সকালে ১৫৩ জন আসামিকে আদালতে হাজির করা হয়। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের সভাপতিত্বে সকাল নয়টা ৪০ মিনিট আদালতের কার্যক্রম শুরু হয়। বিচারক প্যানেলে আরও ছিলেন লে. কর্নেল মো. আবদুর রউফ, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি কাজী ইজারুল হক আকন্দ ও মেজর আ জ ম গোলাম মোস্তফা আল মামুন। ১০টা ৩৫ মিনিট পর্যন্ত বিচারকাজ চলার পর আগামী বছরের ৬ মার্চ সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। ওই দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।সরকারি কৌঁসুলি (পিপি) মেজর মহিবুর রহমান আসামিদের উপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে আদালতে বিস্তারিত তুলে ধরেন। পিপি বলেন, আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে বিদ্রোহে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণ রয়েছে। সাক্ষীদের সাক্ষ্য ও সেই সময়ে ধারণ করা ভিডিওচিত্র ও অন্যান্য আলামতের মাধ্যমে পরবর্তী সময়ে আদালতের কাছে তা প্রমাণ করা হবে। পিপি বলেন, ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের দ্বিতীয় দিন ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি আরটিসিএসের বেশ কয়েকজন জওয়ান অস্ত্রাগার ও গোলাবারুদের মজুদখানা লুটপাট করে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অরাজকতা সৃষ্টি করেন। তাঁরা কেরানিহাট থেকে মাঝেরটিলা এবং কেওচিয়া আরটিসিএস ও আশপাশের এলাকায় তাণ্ডব চালান। আরটিসিএসের ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলামসহ পালিয়ে আত্মরক্ষা করা কর্মকর্তাদের আশপাশের পাড়া-গ্রামে গিয়ে খুঁজতে থাকেন সশস্ত্র বিদ্রোহীরা। তাঁরা বাড়িঘর তল্লাশির নামে বেসামরিক লোকজনকে হুমকি-ধমকি দেন এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। কর্মকর্তাদের না পেয়ে তাঁদের পারিবারিক বাসস্থানে গিয়ে লুটপাট ও পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করেন আসামিরা। তাঁরা সেখানে ফাঁকা গুলিও ছোড়েন। পিপির বর্ণনার পর আদালতের সভাপতি বলেন, বিদ্রোহের বিচার নিরপেক্ষভাবে করা হবে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। আইনি পরামর্শের জন্য সরকারপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন বিডিআর কর্মকর্তাকে আসামি বা অভিযুক্তের সহায়তাকারী (ফ্রেন্ডস অব দ্য অ্যাকিউজড) হিসেবে নিয়োগ করা যাবে। বেসরকারি আইনজীবীও তাঁরা নিয়োগ করতে পারবেন। আদালতের সভাপতি আরও বলেন, কারও স্বাস্থ্য সমস্যা ও বেতন-ভাতাসংক্রান্ত জটিলতা থাকলে কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন। আসামিদের সমস্যা সমাধানে সহযোগিতা করতে আদালত পিপিদের নির্দেশ দেন। পিপি মেজর মহিবুর রহমান গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ ব্রিফিংয়ে বলেন, আরটিসিএসে বিদ্রোহের ঘটনায় দুটি মামলা হয়েছে। পুলিশের করা মামলায় ৯৯ জনকে আসামি করা হয়েছে। এই ৯৯ থেকে ৭৫ জন এবং আরও ৭৮ জনকে আসামি করে বিডিআর আইনে মামলা করা হয়। দুটি মামলায় মোট ১৭৭ জন বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।