সাতকানিয়ার শিক্ষার্থীরা সব বই পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪৪টি কেজি স্কুলের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সব বিষয়ের নতুন বই পায়নি। ছয়টি বিষয়ের মধ্যে শুধু তিনটি বিষয়ের বই পেয়েছে তারা। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এ বছর প্রথম শ্রেণির জন্য ১২ হাজার সেট, দ্বিতীয় শ্রেণির জন্য ১১ হাজার ৮৬০ সেট, তৃতীয় শ্রেণির জন্য ১২ হাজার ৬০০ সেট, চতুর্থ শ্রেণির জন্য ১২ হাজার ৬৪৫ সেট ও পঞ্চম শ্রেণির জন্য ১১ হাজার ১২০ সেট বইয়ের চাহিদা দেওয়া হয়েছিল। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সব বই পাওয়া গেছে। কিন্তু তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির সব বই পাওয়া যায়নি। চাহিদা মোতাবেক ওই তিন শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের বই পাওয়া গেলেও প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও ধর্ম এই তিন বিষয়ের নতুন কোনো বই আসেনি। তাই ওই তিন শ্রেণির শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়া সম্ভব হয়নি।
উপজেলার ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওবাইদুল্লাহ জানান, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে তিন বিষয়ের বই বিতরণ করা যায়নি।
রূপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. রিদওয়ানুল ইসলাম জানায়, সে সব বিষয়ের নতুন বই পায়নি।
উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চাহিদা মোতাবেক সব শ্রেণিতে নতুন বই এখনো পাওয়া যায়নি। তাই তিনটি শ্রেণির শিক্ষার্থীদের নতুন বইয়ের সঙ্গে পুরোনো বই দেওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাখাল চন্দ্র পাল বলেন, চাহিদা মোতাবেক সব শ্রেণির নতুন বই না পৌঁছানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বই পাওয়ার সঙ্গে সঙ্গে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে।