সাতকানিয়ার সব সড়কে প্রতিবন্ধকতা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া-কেরানীহাটের ৩০০ মিটার উত্তরে পরপর ১০ থেকে ১২টি গাছের গুঁড়ি পড়ে আছে। দক্ষিণ পাশে উল্টে পড়ে আছে একটি সামুদ্রিক মাছভর্তি ট্রাক। কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল ট্রাকটি। ট্রাক থেকে ছিটকে পড়া বস্তাগুলো থেকে স্থানীয় লোকজন পলিথিনে করে মাছ নিয়ে যাচ্ছে। বাধা দেওয়ার কেউ নেই। কেরানীহাট থেকে বান্দরবান সড়কেও রয়েছে প্রতিবন্ধকতা। বিজিবির প্রশিক্ষণ একাডেমি বাইতুল ইজ্জত থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পর্যন্ত তিন কিলোমিটার সড়ক থেকে গাছের গুঁড়ি সরান বিজিবি সদস্যরা। আবার বান্দরবানের পার্শ্ববর্তী হলুদিয়া থেকে বাইতুল ইজ্জত পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথের প্রতিবন্ধকতা অপসারণ করে সেনাবাহিনী। তবে হলুদিয়া থেকে বান্দরবান পর্যন্ত অবরোধ রয়েই গেছে। একজন সেনা কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমরা নিজেদের প্রয়োজনে গাছগুলো সরাচ্ছি। কারণ, সেনাবাহিনীর কোনো গাড়ি চলাচল করতে পারছে না।’ তবে সাতকানিয়া রাস্তার মাথা থেকে বাঁশখালী সড়কের ১২ কিলোমিটারজুড়ে রয়ে গেছে শতাধিক গাছের প্রতিবন্ধকতা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া থেকে চকরিয়া পর্যন্ত অসংখ্য প্রতিবন্ধকতা পুলিশ সরাতে পারেনি। এদিকে একটানা চার দিন পর গতকাল সোমবার থেকে সাতকানিয়ার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু হয়েছে। এখানকার প্রধান ব্যবসাকেন্দ্র কেরানীহাটে কিছু ফলের দোকান খুলেছে। তবে ব্যাংক, বিমা, হাসপাতালসহ বেশির ভাগ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত শনিবার পুলিশের গুলিতে জামায়াত-শিবিরের তিন কর্মী নিহত হওয়ার পর থেকে দলটির নেতা-কর্মীদের প্রকাশ্যে দেখা যাচ্ছে কম। গতকাল দুপুরে সেখানে কথা বলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎ মিশ। তিনি বলেন, ‘সাতকানিয়ার পরিস্থিতি সম্পর্কে অনেক গুজব আছে। এসব গুজব চাঁদে সাঈদীকে দেখা যাওয়ার মতো। বাস্তবতা হচ্ছে, পরিস্থিতি এখন ভালো।’